জাতীয় চারুকলা প্রদর্শনী ও পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার ২০১৫ দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশে রফিকুন নবী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার ২০১৫ দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশে রফিকুন নবী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় গতকাল জাতীয় চিত্রশালার গ্যালারিতে শুরু হলো ২১তম জাতীয় চারুকলা প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন এবং বিজয়ী শিল্পীদের পুরস্কার দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বছরের সেরা শিল্পী হিসেবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার ২০১৫’ পেয়েছেন শিল্পী রুহুল করিম রুমী। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট আটটি পুরস্কার দেওয়া হয়।
অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজনটিতে আড়ম্বর ছিল বেশি। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা দিয়ে। ছিল অর্কেস্ট্রার অপূর্ব পরিবেশনা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। পরে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। বিচারকদের পক্ষ থেকে কথা বলেন সমরজিৎ রায়চৌধুরী।
‘শিল্পকলা একাডেমীর সম্মানসূচক পুরস্কার’ ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব। শিল্পী মিঠুন কুমার সাহা, রুহুল আমিন, শিমুল সাহা পেয়েছেন এই পুরস্কার। ‘দীপা হক’ পুরস্কার পান শিল্পী সানা উল্লাহ। ‘বেগম আজিজুন্নেছা পুরস্কার’ জেতেন হাবিবা আক্তার। ‘ভাষাসৈনিক গাজীউল হক পুরস্কার’ পান ইফাত রেজোয়ানা। ‘এবি ব্যাংক পুরস্কার’ পান আরিফ আল করিম ভূঁইয়া। ‘এসপিবিএ’ (স্কয়ার) পুরস্কার পেয়েছেন রাসেল কান্তি দাস। ‘বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার’ জিতেছেন শিল্পী মো. আবদুল মোমেন। সবশেষে ঘোষণা করা হয় ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার ২০১৫’ প্রাপ্ত হিসেবে রুহুল করিম রুমীর নাম।

পুরস্কার দেওয়ার পর অতিথিরা প্রদর্শনী কক্ষে গিয়ে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এবারের প্রদর্শনীতে ২৬১ জন শিল্পীর মোট ২৭৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন মাধ্যমের পেইন্টিং, ভাস্কর্য, ছাপচিত্র, স্থাপনা ও ভিডিও স্থাপনা। প্রদর্শনী চলবে ১৩ জুন পর্যন্ত।