জাতীয় পর্যায়ের ঘটনার চিত্র ‘রানওয়ে’
আমার আসলে খুবই ভালো লাগছে। এই প্রথম আমার কোনো চলচ্চিত্র কোনো ধরনের কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিন্তু কেন যে আমার ছবিগুলো সেন্সর জটিলতার সম্মুখীন হয়, তা বুঝি না। তবে প্রথমদিকে আমি কিছুটা ভয়েই ছিলাম ছবিটি নিয়ে। আমরা আসলে কাউকে ছোট করার জন্য ছবি তৈরি করি না। এমনকি দর্শকদের কাছে কোন কিছু চাপিয়ে দেওয়ারও চেষ্টা করিনা। মোটামুটি কোন ধরণের ঝামেলা ছাড়াই ছবিটি ছাড়পত্র পেয়েছে বিধায় খুব খুশি আমি। বলছিলেন নির্মাতা তারেক মাসুদ। তারেক মাসুদ পরিচালিত ও ক্যাথরিন মাসুদ প্রযোজিত নতুন ছবিটির নাম ‘রানওয়ে’। ২০০৮-০৯ সালে চিত্রায়িত এই রানওয়ে ছবিটির পটভূমি হিসেবে এসেছে ২০০৫-০৬ সালে জাতীয় পর্যায়ে সংঘটিত কিছু ঘটনা।রানওয়েতে দেখা যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন একচালা ঘরে রুহুল ও তার পরিবার বসবাস করে। তার মা রহিমা ক্ষুদ্র ঋণ সমিতির মাধ্যমে একটি গাভী কিনে দুধ বিক্রি করে সংসার চালায়। রুহুলের বোন ফাতেমা পোশাক রপ্তানি কারখানায় কাজ করে। একমাস হল তার বাবা মধ্যপ্রাচ্যে চাকরির সন্ধানে গিয়ে নিরুদ্দেশ। বেকার, কিছুটা হতাশ অথচ আদর্শবাদী রুহুল চাকরি খোঁজার ব্যর্থ চেষ্টা করে এবং উড়োজাহাজের ছায়ায় দিন কাটায়। মাঝে মধ্যে সে মামাকে সাইবার ক্যাফের ব্যবসায় সাহায্য করে এবং ইন্টারনেট শেখার চেষ্টা করে। সেখানে দৃঢ় অথচ শান্ত মেজাজের কম্পিউটার দক্ষ আরিফের সাথে তার ক্রমশ: বন্ধুত্ব গড়ে ওঠে। আরিফ উগ্র ধর্মীয় রাজনীতির মধ্যে জীবনের অর্থ খুঁজে পেতে রুহুলকে উদ্বুদ্ধ করে। নতুন আদর্শে উজ্জীবিত রুহুল বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অবশেষে জীবনের গভীরতর অভিজ্ঞতা উপলদ্ধির দিকে এগিয়ে যায়।ছবির বেশীর ভাগ প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন শিল্পী। যাদের মধ্যে রুহুল চরিত্রে ফজলুল হক, রহিমা চরিত্রে রাবেয়া আক্তার মনি, আরিফ চরিত্রে আলী আহসান উল্লেখযোগ্য। ছবিতে নতুন পাত্র-পাত্রী নিয়ে কাজ করা প্রসঙ্গে তারেক মাসুদ বলেন,আমার কাছে নায়ক-নায়িকা নির্ভর ছবিতে বিশ্বাসী নই। ছবিতে গল্পের প্রয়োজনে পেশাদার-অপেশাদার অনেক শিল্পীই আসতে পারে। অভিনেতা-অভিনেত্রীর জন্য নয়-গল্পের প্রযোজনেই দর্শক ছবি দেখবে।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজমুল হুদা বাচ্চু, মোসলেম উদ্দিন, নাসরিন আক্তার ও রিকিতা নন্দিনী শিমু। এছাড়া অতিথি শিল্পী হিসেবে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ক্যাথরিন মাসুদের সাথে যৌথভাবে লিখিত চিত্রনাট্যের গল্প ও সংলাপ লিখেছেন তারেক মাসুদ।