
সারা দিন ইলশেগুঁড়ি বৃষ্টি। সপ্তাহের শেষ কর্মদিবসের ব্যস্ততা। বিকেলে তীব্র যানজট ছিল রাজপথে। কিন্তু এর কোনো কিছুই বাধা হতে পারেনি রবীন্দ্রানুরাগীদের আয়োজনে। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ছয়টায় ‘সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে’ সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন এবং দ্বাত্রিংশতম বার্ষিক অধিবেশন। আয়োজক জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
সংগঠনের শুরুটা হয়েছিল অন্য নাম নিয়ে। ১৯৮০ থেকে ১৯৮২ সাল ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’, ৮২ সালের সম্মেলনকালে ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’-এর যাত্রা শুরু। দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্য নিয়ে রবীন্দ্রনাথের নাম যুক্ত করে সংগঠনের নাম করা হলো ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’। পরে ’৮৪ সাল থেকে এক বছর ঢাকায়, পরের বছর বাইরের কোনো শাখায় সম্মেলন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালীর প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষক নির্মল দাশগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লু্লর রহমান সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। শুরুতে সমবেতভাবে ‘আগুনের পরশমণি’ গানটির সঙ্গে প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন সন্জীদা খাতুন ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা দেশ থেকে আসা শিল্পীরা রবীন্দ্রনাথের গান ও কবিতা পরিবেশন করেন। ছিল দলীয় নৃত্য।
এবারের ৮১টি শাখার মধ্যে ৬১ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বাছাই প্রতিযোগিতায় ৬১টি শাখা থেকে প্রায় ৩৩৭ জন প্রতিযোগীর পাশাপাশি ৮১ শাখা থেকে ৪০০ প্রতিনিধি ও পর্যবেক্ষক এবং ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চল মিলিয়ে আরও ৩০০ শিল্পী সম্মেলনে অংশগ্রহণ করবেন।
আগামীকাল শনিবার বিকেলে সমাপনী অধিবেশন, রবীন্দ্র পদক ঘোষণা ও গুণী সম্মাননার আয়োজন থাকবে।