জাতীয় শোক দিবস ও ঈদের অনুষ্ঠান
আজ জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি প্রচারিত হচ্ছে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালাও। তার মধ্য থেকে কিছু খবর দেওয়া হলো এখানে।
দুই ভুবন
দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক দুই ভুবন। লিখেছেন ও পরিচালনা করেছেন আবদুল্লাহ রানা। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজনীন চুমকি, ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। ব্যস্ত বাবা-মায়ের ক্লাস থ্রি পড়ুয়া মেয়ে মৌমিতা। স্কুলের বাইরে মৌমিতার সময় কাটে বিশাল ফ্ল্যাটবাড়িতে। উঁচু ভবন থেকে মৌমিতার মন পড়ে থাকে নিচুতলার বাসিন্দা শেফালিদের কাছে। বাইনোকুলার দিয়ে সারা দিন জানালার পাশে বসে মৌমিতা দেখে শেফালির খেলাধুলা, দেখে ওর পরিবার আর পরিজনদের। নিজের একাকিত্ব ভুলতে গিয়ে আনমনেই মৌমিতা শেফালিকে ওর খেলার সাথি বানিয়ে নেয়। কল্পনায় মৌমিতা প্রতিদিন শেফালিদের বাড়ির সামনে গিয়ে খেলে, আনন্দ করে।
মহামহিম বঙ্গবন্ধু
জাতীয় শোক দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘মহামহিম বঙ্গবন্ধু’। এখানে আলোচনায় অংশ নিয়েছেন এইচ টি ইমাম, আবুল মোমেন, অধ্যাপক আবু সাইয়িদ ও কবি মহাদেব সাহা। উপস্থাপনা করেছেন শামসুজ্জামান খান। থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর তৈরি প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজু আলীম।
হারানো বিজ্ঞপ্তি
এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক হারানো বিজ্ঞপ্তি। লিখেছেন সারওয়ার-উল-ইসলাম, পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খান, নাদিয়া, চিত্রলেখা গুহ, শফিক খান দিলু, বিশ্বজিৎ ধর প্রমুখ।
শাহেদের গুরু আসাদ তাঁর শিষ্যকে সব সময় শিক্ষা দিয়ে এসেছেন—দেশ ও দশের উন্নতি করতে হলে জনগণকে শিক্ষিত করতে হবে, পাঠাগারকে উন্নত করতে হবে। সেই গুরু একসময় উপলব্ধি করলেন, নির্বাচন করে ক্ষমতায় না গেলে তাঁর স্বপ্নপূরণ সম্ভব নয়। নির্বাচন করে তিনি ক্ষমতায় গেলেন, কিন্তু গড্ডলিকায় ভেসে গেলেন। গুরুকে ফিরে পাওয়ার জন্য ‘হারানো বিজ্ঞপ্তি’ ঘোষণা করতে চায় শাহেদ।