জাতীয় আলোকচিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় আলোকচিত্র উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় শোভাযাত্রা বের করেন তরুণ আলোকচিত্রীরা। ছবি: জাহিদুল করিম
জাতীয় আলোকচিত্র উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় শোভাযাত্রা বের করেন তরুণ আলোকচিত্রীরা। ছবি: জাহিদুল করিম

তরুণদের মধ্যে আলোকচিত্র চর্চা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (ডিইউপিএস) তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘জাতীয় আলোকচিত্র উৎসব’। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শখের আলোকচিত্রীদের পাশাপাশি পেশাদার আলোকচিত্রীদের ১৫৩টি ছবি নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-২ ও গ্যালারি-৬ এ চলছে এই উৎসব। আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি ডিইউপিএস আয়োজন করেছে ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা, সেমিনার, সাময়িকী প্রকাশ ও পুনর্মিলনীর।
শুক্রবার সকালে প্রদর্শনীর উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ফটোগ্রাফি নিজেই আলাদা একটি ভাষা। একটি ছবি দশ হাজার শব্দের চেয়েও শক্তিশালী।’ তরুণ প্রজন্মের মধ্যে ফটোগ্রাফি ‘ক্রমেই জনপ্রিয়’ হচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন,‘ফটোগ্রাফির একটি ভাষা তৈরি হচ্ছে আমাদের দেশে। তরুণেরা আগ্রহভরে ছবি তুলছে, কেউ শখের বশে, কেউ পেশাদারির সঙ্গে। অনুরোধ তোমাদের প্রতি, ফটোগ্রাফির সার্বিক বিষয়গুলো আয়ত্ত করো।’
প্রদর্শনী দেখতে এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মন্ত্রী বলেন, ‘তরুণদের মধ্যে মানবিক বোধগুলো শাণিত হচ্ছে। সুন্দর এই পরিকল্পনার জন্য তাদের সাধুবাদ জানাতেই হয়।’
পরে অতিথিরা উৎসবের আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ প্রদর্শনী চলবে ২ আগস্ট পর্যন্ত।