জাতীয় উত্সবে রাজশাহীর শিশুদের পাঁচ চলচ্চিত্র
গত দুই ঈদের ঈদি হিসেবে পাওয়া টাকা খরচ করেনি আসিফ। হাতখরচ থেকেও বাঁচিয়েছে কিছু টাকা। মায়ের কাছ থেকে নিয়েছে আরও কিছু। তা দিয়েই সে তৈরি করেছে ৪৫ মিনিটের চলচ্চিত্র। শুধু আসিফ নয়, এভাবে রাজশাহীর পাঁচ শিশুর তৈরি পাঁচটি চলচ্চিত্র এবার প্রদর্শিত হবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে। ২৩ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে এ উত্সব।আসিফ রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার ছবির নাম সন্ধিক্ষণ। ছবিতে ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকালের সমস্যা তুলে ধরা হয়েছে। ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা।উত্সবের জন্য মনোনীত অন্য চারটি ছবি হলো—সে, কঙ্কপুরাণ, গল্প ও স্বপ্ন সেলাই।সে ছবিটি ১৯ মিনিটের। পরিচালনা করেছে রাজশাহীর আদর্শ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোস্তাহাব। একজন টোকাই সারা দিন কী করে—এই কাহিনি নিয়ে তৈরি ছবিটি। চার হাজার টাকা খরচ হয়েছে ছবিটি করতে।কঙ্কপুরাণ অর্থাত্ কাকের জীবনকাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করেছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র তাওকির ইসলাম। ছবির কাহিনি ও পরিচালনা তার নিজেরই। একটি আশ্রিত শিশুকে নিয়ে নির্মম তামাশার পরিণতি নিয়ে ২০ মিনিটের গল্প এই ছবির।গল্প নামের ছবিটি নির্মাণ করেছে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্র সাদিকুর রহমান। ছবিটির দৈর্ঘ্য ২৬ মিনিট।রাজশাহী মেট্রোপলিটন কলেজের মানবিক বিভাগের ছাত্র সাইফ রায়হান তৈরি করেছে স্বপ্ন সেলাই ছবিটি।একজন ধোপার অবুঝ ছেলের দুঃখের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।রাজশাহী চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি রফিক মোয়াজ্জিন বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যরা সবাই ছাত্র। ছবি বানাতে গিয়ে প্রথমে তারা আর্থিক সমস্যার মুখোমুখি হয়। হাতখরচের টাকা বাঁচিয়ে এগুলো তারা তৈরি করেছে। এ জন্য খুবই সাধারণ ক্যামেরা ব্যবহার করতে হয়েছে।’