জাতীয় উদ্যানে সুরের মূর্ছনা

সুরের মূর্ছনায় গাজীপুর জাতীয় উদ্যানে দর্শক মাতালেন ক্লোজআপ ওয়ানের তারকাশিল্পীরা। গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী রাজিব, মাহাদী, কিশোর ও হেমা।
অনুষ্ঠানের শুরুতে চার শিল্পী সমবেত কণ্ঠে দেশের গান ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ গেয়ে শোনান। মাহাদী শোনান ‘তুমি বরুণা হলে আমি হব সুনীল’। কিশোর এসে পরপর কয়েকটি গান গেয়ে মাতিয়ে তোলেন অনুষ্ঠান। তিনি শুরু করেন সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘অন্য রকম ভালোবাসা’র
‘আকাশ-বাতাস সাক্ষী রেখে তোমায় দিলাম প্রাণ’ গানটি দিয়ে। রাজিব শোনান ‘কালিয়া সোনা রে গত নিশি কোথায় ছিলে’ গানটি। এরপর তিনি হেমার সঙ্গে পরিবেশন করেন ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি। সবশেষে হেমা শোনান ‘বন্ধু তুমি কই কই’সহ কয়েকটি গান। অনুষ্ঠানে শিল্পী-সাংবাদিক রেজা করিম যেখানে সীমান্ত তোমার গানটি শোনান। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডিআরইউর সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ। অনুষ্ঠানে সহায়তা করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি।