জাতীয় কবিকে স্মরণ করল দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক দলের শিল্পীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক দলের শিল্পীরা l ছবি: প্রথম আলো

প্রেম-দ্রোহ-সাম্যের যে মিথস্ক্রিয়া রচনা করে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম, তা বিশ্বে বিরল। বাঙালির মতো একটি আবেগপ্রবণ জাতির জাতীয় কবির ঠিক এমনটিই তো হওয়ার কথা। ১১৭তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধি শ্রদ্ধার ফুলে ঢেকে দিয়েছিল জাতি। সমস্ত জাতি গেয়েছিল তাঁর গান।
বৈচিত্র্যময় সাড়ে চার হাজার গান সৃষ্টি করে গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেসব জানার জন্য কোনো উচ্চতর গবেষণাকেন্দ্র নেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীর আহবান, নজরুলসংগীত সাধনার জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন। আর সেটা বাংলাদেশ ছাড়া আর কোথাও হবে না। সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই নজরুলকে পুরো বিশ্বের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
গতকাল বুধবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের জিমনেসিয়ামে তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে কথাগুলো বলেন খিলখিল কাজী। বিরূপ আবহাওয়ার কারণে উপস্থিত হতে পারেননি প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে তাঁর বাণী পড়ে শোনান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
রাষ্ট্রপতির বাণীতে বলা হয়, ‘মুক্তিযুদ্ধ ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কবি নজরুলের গান ও কবিতা থেকে আমরা প্রেরণা পেয়েছি। কবি নজরুল প্রেম, অসাম্প্রদায়িকতা ও সাম্যের কবি। পরাধীন ব্রিটিশ আমলে সব ভয়ভীতি উপেক্ষা করে তিনি বাঙালির জয়গান গেয়েছেন।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘নজরুল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জায়গা খুঁজে পেলেই নির্মাণকাজ শুরু হবে। এর মাধ্যমে নজরুলের সাহিত্যের চর্চা, প্রচার ও প্রসার ঘটবে।’
আলোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক পর্বে নজরুলের কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান ও মিলি চৌধুরী। নজরুলসংগীত পরিবেশন করেন জয়ন্তী লালা ও রাজেশ সাহা। দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দল। অনুষ্ঠানটির আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
ফুলে ফুলে ছেয়ে গেল সমাধি
ভোরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, শিক্ষক সমিতি, বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনও ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানায়। উপাচার্যের সভাপতিত্বে পরে সেখানেই এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, নজরুল বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন নজরুলের নাতি সুবর্ণ কাজী। গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
কবির গান নিয়ে আলোচনা
বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে নজরুলের গান নিয়ে ছিল একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে মনিরুজ্জামান আলোচনা করেন ‘বাংলা গানে নব-আধুনিকতার প্রবর্তনায় কাজী নজরুল’ বিষয়ে। এই অনুষ্ঠানে বাংলা একাডেমি কতৃর্ক সদ্য প্রকাশিত আবদুল মান্নান সৈয়দ রচনাবলির নজরুলবিষয়ক খণ্ডটি থেকে উপস্থাপন করেন রচনাবলির সম্পাদক অনু হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ ছাড়া চ্যানেল আই কার্যালয়ে ছিল নজরুল মেলা।