জাতীয় কবিতা উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ‘কবিতা মানে না বর্বরতা’ শিরোনামে রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এবার ‘জাতীয় কবিতা উৎসব সম্মাননা’ পাচ্ছেন কবি বেলাল চৌধুরী। উৎসবে কবি সাযযাদ কাদির পাচ্ছেন ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা উৎসবের সূচি তুলে ধরেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন।
রবিউল হুসাইন জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী পটুয়া কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
এবারের কবিতা উৎসব উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী, সভাপতিত্ব করবেন মুহাম্মদ সামাদ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করবেন কবি আসাদ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উদ্বোধনী পর্বের পর বেলা সাড়ে ১১টায় শুরু হবে মুক্ত আলোচনা পর্ব। অংশ নেবেন বিভিন্ন দেশ থেকে আগত কবি-লেখক-প্রতিনিধিরা। বেলা দেড়টা থেকে শুরু হবে কবিতা পাঠ পর্ব।
উৎসবের দ্বিতীয় দিনে বেলা ১১টায় ‘কবিতার অনুবাদ: মুক্ততা ও মৌলিকতা’ শিরোনামে মুক্ত আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মুহাম্মদ নুরুল হুদা। থাকবে ‘কবিতা মানে না বর্বরতা’ সেমিনার।
এ ছাড়া সারা দিনই থাকছে কবিতা পাঠ পর্ব।
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত লিখিত বক্তব্য উপস্থাপন করেন।