জাতীয় কবিতা উৎসব ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পয়লা ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘জাতীয় কবিতা উৎসব’। এবারের উৎসবের স্লোগান, ‘কবিতা উৎসব মুক্তির উৎসব’। উৎসব চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বরাবরের মতো এ উৎসব এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে পরিষদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এবার ভুটান, নেপাল, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের কবিদের আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবে একুশের গান, উৎসব-সংগীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন থাকছে। তৃতীয় দিনের অনুষ্ঠান নিবেদিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন ভাষাভাষী নাগরিকদের জন্য ‘অন্য ভাষার কবিতা’ শিরোনামে একটি আলাদা অধিবেশন থাকবে। সারা দেশে কবিতা পরিষদের শাখাগুলোকে ১৫ জানুয়ারির মধ্যে কবিতা উৎসব সম্পন্ন করে জাতীয় উৎসবের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। উৎসবের আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ বলেন, কবিতা উৎসব সারা বিশ্বে বিশেষ মর্যাদা অর্জন করেছে। আশা করা হচ্ছে, বিভিন্ন দেশ ও ভাষার কবিদের অংশগ্রহণে বর্ণাঢ্য মিলনমেলা হবে জাতীয় কবিতা উৎসবের এই রজতজয়ন্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি বেলাল চৌধুরী, রফিক আজাদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক আসলাম সানী, কবি রবীন্দ্র গোপ প্রমুখ।