জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

তিন দশকের ধারাবাহিকতায় এবারও ১ ফেব্রুয়ারি শুরু হবে জাতীয় পরিষদের জাতীয় কবিতা উৎসব। এবারের স্লোগান ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত উৎসবে বাংলাদেশসহ ভারত, নরওয়ে, সুইডেন, মালয়েশিয়া, চীন ও তাইওয়ানের কবিরা অংশ নেবেন।
আজ শুক্রবার দুপুরে টিএসসিতে পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবারের উৎসবের সমন্বয়কারী কবি রবিউল হুসাইন, যুগ্ম-সমন্বয়কারী কবি কাজী রোজী, পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, সাবেক সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, শিশু সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি হালিম আজাদ, হারিসুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘১ ও ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে। জাতীয় কবিতা পরিষদের বিশেষ কমিটি দ্বারা বাছাইকৃত কবিরাই কেবল উৎসবে কবিতা পাঠ করতে পারবেন। এর জন্য ঢাকার কবিদের ৩০০ টাকা ও ঢাকার বাইরের কবিদের ২০০ টাকা পরিশোধে নিবন্ধন করতে হবে। টিএসসির কবিতা পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন চলছে ১ জানুয়ারি থেকে। এ কার্যক্রম অব্যাহত থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত।’

সংবাদ সম্মেলনে কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘বাংলাদেশে কবি একটি গৌণ শব্দ ছিল কিন্তু কবিতা পরিষদ এ শব্দটিকে গৌরবান্বিত করেছে।’
কবি রবিউল হুসাইন বলেন, ‘৩০ বছর ধরে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কবিরা একইভাবে উৎসব করে যাচ্ছে এটা পৃথিবীতে বিরল।’
আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘যেখানে দরিদ্র মানুষ আছে সেখানে কবিতা থাকবে কারণ কবিতা বঞ্চিত মানুষের কথা বলে।’
কাজী রোজী বলেন, ‘আমি বর্তমান সংসদে আমাকে একজন সদস্য হিসেবে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের কাছে। যেদিন সেখানে আমি প্রথম বক্তৃতা করেছি সেদিন কবিতাকেই সমর্পণ করেছি। নেতাকে নয়।’
সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে বক্তৃতা করেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তারিক সুজাত।
কবি মুহাম্মদ সামাদ বলেন, ‘এ কবিতা পরিষদের কাজ করেছেন দেশের স্বনামধন্য কবিরা। এ কাজ করতে গিয়ে নানা সময়ে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তাদের উদ্দেশ্য থেকে সরে যাননি। এ সময় তিনি কবি আবুল হাসান, শামসুর রাহমান ও সাংবাদিক ও শিশুসাহিত্যিক ফয়েজ আহমেদের কথা বিশেষভাবে স্মরণ করেন।
অনুষ্ঠানের কর্মসূচি পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।