জাতীয় কবিতা উৎসবে সম্মাননা পাচ্ছেন বেলাল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা উৎসবের সূচি তুলে ধরেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা উৎসবের সূচি তুলে ধরেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ‘কবিতা মানে না বর্বরতা’ শিরোনামে রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এবারের আয়োজনে ‘জাতীয় কবিতা উৎসব সম্মাননা’ পাচ্ছেন কবি বেলাল চৌধুরী। উৎসবে কবি সাযযাদ কাদির পাচ্ছেন ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’।

আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা উৎসবের সূচি তুলে ধরেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী ‘পটুয়া’ কামরুল হাসানের সমাধিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
এবারের কবিতা উৎসব উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী, সভাপতিত্ব করবেন কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করবেন কবি আসাদ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উদ্বোধনী পর্বের পর সকাল সাড়ে ১১টায় শুরু হবে মুক্ত আলোচনা পর্ব। ‘বর্বরতার বিরুদ্ধে কবিতা’ শিরোনামে এই মুক্ত আলোচনা পর্বে অংশ নেবেন থেকে বিভিন্ন দেশ থেকে আগত কবি-লেখক-প্রতিনিধিরা। দুপুর দেড়টা থেকে শুরু হবে কবিতা পাঠ পর্ব। পাঁচ পর্বের এসব আসরে সভাপতিত্ব করবেন দিলারা হাফিজ, আনোয়ারা সৈয়দ হক, শিহাব সরকার, হাবীবুল্লাহ সিরাজী, রামেন্দু মজুমদার।
বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে সকাল ১১টায় ‘কবিতার অনুবাদ: মুক্ততা ও মৌলিকতা’ শিরোনামে মুক্ত আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মুহাম্মদ নুরুল হুদা। তারপরই ‘কবিতা মানে না বর্বরতা’ সেমিনার অনুষ্ঠিত হবে, যাতে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এ ছাড়া সারা দিনই থাকছে কবিতা পাঠ পর্ব।
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে বলা হয় ‘বাংলাদেশে কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়েছেন। এ ক্ষেত্রে বিশ্বের সকল ভাষার সংগ্রামী কবি ও কবিতার ধারার সঙ্গে বাঙালি কবিদের লড়াই একই মন্ত্রে গাঁথা।’
এবারের কবিতা উৎসবে অংশ নিতে আসছেন ভারতের কবি আশিস স্যানাল, বীথি চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক চিন্ময় গুহ, সুইডেনের কবি ক্রিস্টিয়ান কার্লসন, অস্ট্রিয়ার কবি মেনফ্রেড কোবো, আর্জেন্টিনার কবি ইওনা বুরঘার্ট, জার্মানির কবি টোবিয়াস বুরঘার্ট, পুয়ের্তোরিকোর কবি লুস মারিয়া লোপেজ, কবি মারিয়া ডি লোস অ্যানজেলেস কামাকো রিভাস, রাশিয়ার কবি আলেক্সান্দ্রোভিচ পোগোদাইভসহ বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকেরা।
‘স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খলমুক্তি’র ডাক দিয়ে ১৯৮৭ সালে শুরু হয় জাতীয় কবিতা উৎসব। এবারের আয়োজনটি উৎসবের ৩১তম আসর।