জাতীয় গণসংগীত: শেষ হলো ঢাকা বিভাগীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উদীচী গণসংগীত প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্বে বিজয়ীরা। ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উদীচী গণসংগীত প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্বে বিজয়ীরা। ছবি: প্রথম আলো

“মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে” স্লোগান নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর জন্মদিনকে উপলক্ষ করে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়োজিত এবারের উৎসবের প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হলো আজ শুক্রবার।

সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। সারাদিন ‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়-এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন গণসংগীত শিল্পী সোহানা আহমেদ, গণসংগীত শিল্পী ও সুরকার তানোর আলম সজীব এবং গণসংগীত শিল্পী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম।
প্রতিযোগিতা শুরুর আগে ছিল উদ্বোধনী পর্ব। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে এ পর্বে আলোচনা করেন তিন বিচারক। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।
এবারের প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বে ‘ক’ বিভাগে প্রথম হয়েছেন নূর জাকিয়া, আর দ্বিতীয় হয়েছে সিদরাতুল মুনতাহা। ‘খ’ বিভাগে প্রথম হয়েছেন তিথি দাস এবং দ্বিতীয় নূসরাত জাহান। ‘গ’ বিভাগে প্রথম হয়েছেন শ্রাবণী গুহ রায়। এ বিভাগে দ্বিতীয় হয়েছেন মো. ইউনুছ আলী। আর দলীয় অর্থাৎ ‘ঘ’ বিভাগে প্রথম হয়েছেন উদীচী মিরপুর শাখা। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও গণসংগীত উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক শংকর সাওজালের সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
ঢাকাসহ বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনটি একক বিভাগে প্রথম ও দ্বিতীয় হওয়া এবং দলীয় বিভাগে প্রথম হওয়া দল আগামী ১ এপ্রিল শুক্রবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।