জাতীয় চলচ্চিত্র কেন্দ্র হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র হবে। চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে ঢাকায় এ কেন্দ্র নির্মাণের আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ চাই শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

এ অনুষ্ঠানে সভাপতি নায়করাজ রাজ্জাক বলেন, ‘এখন চলচ্চিত্র আন্দোলনের কর্মী, নির্মাতারা দুটি ধারা তৈরি করে ফেলেছেন। এভাবে চলতে চলতে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছেন। একদিন দেখা যাবে, চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন উভয় পক্ষের মধ্যে চাই একতা।’ নতুন নির্মাতারা ‘সিনেপ্লেক্সভিত্তিক’ সিনেমা নির্মাণ করছেন এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা এবার বলাকা, মধুমিতা আর পুরোনো ঢাকার সিনেমা হলগুলোর জন্যও ছবি বানান। এই নির্মাতাদের চিন্তাধারা ভীষণ ভালো। তারা সিনেমা হলে লোক টানতে সক্ষম।’
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাতা, কর্মীরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের দাবি তুলছেন। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসারের জন্য এই কেন্দ্র গুরুত্বপূর্ণ। এটি ঢাকার প্রাণকেন্দ্রেই নির্মিত হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরে চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের মূল মডেল ও প্রস্তাবনা উত্থাপন করবেন বলে জানান ইনু।
সভায় চলচ্চিত্র নির্মাতাদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘টেলিভিশন ও ফিল্ম ইনস্টিটিউট এবং ফিল্ম আর্কাইভের জন্য জায়গা যখন বের করে ফেলেছি, তখন চলচ্চিত্র কেন্দ্রের জন্যও জায়গা বের করে ফেলব। শাহবাগে পুলিশের অস্থায়ী ক্যাম্পটি সরিয়ে সেখানে এ কেন্দ্রটি নির্মাণ করা যায় কি না, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’ তিনি বলেন, ‘চলচ্চিত্র নতুন এজেন্ডা তৈরি করে বিতর্ক তৈরি করে। মানুষকে বদলে দেয়।’ অগণতান্ত্রিক প্রবণতা, কুসংস্কার, কূপমণ্ডূকতাকে রুখে দিতে চলচ্চিত্র আন্দোলনকে আরও বেগবান করে তুলতে তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কথা বলছেন রাজ্জাক। ছবি: প্রথম আলো
কথা বলছেন রাজ্জাক। ছবি: প্রথম আলো

নায়ক রাজ্জাকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা-প্রযোজক সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।
সভায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের খসড়া উপস্থাপন করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। এতে বলা হয়, এই কেন্দ্রটি জাতীয় চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় ও সহায়ক ভূমিকা পালন করবে। চলচ্চিত্র প্রদর্শনী, প্রশিক্ষণের মাধ্যমে কেন্দ্রটি এক অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, যা দেশের চলচ্চিত্র আন্দোলনকে আরও গতিশীল করবে।
প্রস্তাবে আরও জানান হয়, এতে যথাক্রমে ৭শ, ৩শ ও দেড় শ আসনের তিনটি মিলনায়তন ও দেড় শ আসনের একটি সেমিনার মিলনায়তন রাখতে হবে। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য দুই থেকে তিনটি প্রশিক্ষণ কক্ষ, অডিও-ভিজ্যুয়াল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, অতিথিশালা, সভাকক্ষ থাকবে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রে অন্তত ৫টি কক্ষ বরাদ্দের সুপারিশ রয়েছে এই প্রস্তাবে।