জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনায় রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ
রিয়াজ

আর মাত্র সাত দিন পর বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জমকালো আসর। ১১ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ২০১৪ সালের জাতীয় পর্যায়ে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কার বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের এবারের আসরটি উপস্থাপনা করার জন্য রাজি হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। আজ মঙ্গলবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে উপস্থাপনার ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করার ব্যাপারটি দ্বিতীয়বারের মতো ঘটতে যাচ্ছে রিয়াজের ক্ষেত্রে।
রিয়াজ বললেন, ‘আমি তো চলচ্চিত্রেরই মানুষ। আমার যা কিছু হয়েছে সব চলচ্চিত্রেরই কারণে। তাই চলচ্চিত্রের কোনো বিষয় নিয়ে কেউ যখন ডাকেন, ছুটে যাই। এটা একদম দায়িত্ববোধের জায়গা থেকেই বলতে পারেন। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারটি তো একেবারেই অন্য রকম আনন্দের। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানের সঞ্চালক হওয়ার ব্যাপারটা অনেক সম্মানের ও গৌরবের।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের এবারের আসরে রিয়াজ ছাড়াও উপস্থাপনায় থাকবেন নওশীন।