জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ২০১৪ সালের চলচ্চিত্রগুলোর জন্য দেওয়া হবে জাতীয় পর্যায়ের এই পুরস্কার। পুরস্কার প্রদানের পাশাপাশি এদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের এই আয়োজনে গান করবেন শিল্পী মমতাজ, ফাহমিদা নবী ও চন্দন সিনহা। নাচবেন সাদিয়া ইসলাম মৌ ও তাঁর দল। এ ছাড়া চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নাচে অংশ নেবেন ওমর সানী, অমিত হাসান, নিরব, আইরিন, তমা মির্জা, পরীমনিসহ আরও অনেকে।

চলচ্চিত্রের ২৬টি শাখায় দেওয়া হবে ২০১৪ সালের জাতীয় এই পুরস্কার। এই আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী রানী সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনয়শিল্পী নওশীন।

চলচ্চিত্রের বিভিন্ন শাখায় সেরা ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।