জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আবার জট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে পাঁচ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার নজির আছে বাংলাদেশে। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় এই পাঁচ বছরের পুরস্কার দিয়ে জট থেকে মুক্ত হয়েছিল তথ্য মন্ত্রণালয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছরের পুরস্কার পরের বছরের গোড়াতেই দেওয়ার ঘোষণা ছিল। কিন্তু না, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আবার জট লেগেছে। ২০০৯ সালের পুরস্কার ২০১১ সালে দেওয়া হয়। ওদিকে জানা গেছে, ২০১০ সালের পুরস্কার দেওয়ার কার্যক্রম এখনো শুরু করেনি তথ্য মন্ত্রণালয়।তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের পুরস্কার প্রদানের জন্য প্রস্তুতি এবং ছবি দেখার কার্যক্রম ও পুরস্কার প্রদানের আয়োজনে ন্যূনতম ছয় মাস সময় প্রয়োজন। কিন্তু এ বছর এই কার্যক্রম শুরুর কোনো সম্ভাবনা নেই। ফলে ২০১০ সালের পুরস্কার ২০১২ সালের মাঝামাঝি সময়ে অথবা আরও পরে দেওয়া হবে।বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ বললেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তথ্যসচিব। তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিলেই আমরা কাজ শুরু করতে পারি।’জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কার্যক্রম পরিচালিত হয় সেন্সর বোর্ড থেকে। একটি কমিটি গঠন করা হয়। সেন্সর বোর্ড এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানে না। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক বললেন, ‘সামনে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা আছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব।’এ ব্যাপারে তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, ‘২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কার্যক্রম শিগগিরই শুরু হবে। পুরস্কার যেন সময়মতো দেওয়া হয়, এ জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’