জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘মনের মানুষ’
ভারতের ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতির জন্য সেরা ছবির সম্মান পেয়েছে গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ। একই ছবির জন্য বিক্রম গাইকোয়াড পেয়েছেন সেরা রূপসজ্জার পুরস্কার। লালন ফকিরকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। লালন ফকিরের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। গত বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ঘোষণা করা হয় ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার হিন্দি এবং দক্ষিণী ছবির জয়জয়কার। সেরা ফিচার ছবি মালয়ালম ভাষায় আদামিন্তে মাকান আবু, সেরা বিনোদনমূলক ছবি সালমান খান অভিনীত দাবাং, সেরা পরিচালক বেত্রিমারান (তামিল ছবি আদুকালাম), সেরা অভিনেতা দ্বৈতভাবে ধানুষ (আদুকালাম) ও সালিম কুমার (আদামিন্তে মাকান আবু), সেরা অভিনেত্রী মিতালি জগতাপ (মারাঠি ছবি বাবু ব্যান্ড বাজা) ও সরন্য (তামিল ছবি থেনমেরোক্কু পারুভাকত্রু), সেরা গায়িকা রেখা ভরদ্বাজ (হিন্দি ছবি ইশকিয়া), সেরা গায়ক সুরেশ ওয়াদকার (মারাঠি ছবি মি সিঁধুতাই সাপকাল)। সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে সোমনাথ গুপ্ত পরিচালিত আমি আদু, সেরা ইংরেজি ছবি সঞ্জয় নাগ পরিচালিত মেমোরিজ ইন মার্চ আর সেরা হিন্দি ছবি ঋষি কাপুর ও নিতু সিং অভিনীত দো চুনি চার।