জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আনন্দাশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতানা জামানের নাম ঘোষণা হয়েছে মাত্র। উপস্থিত দর্শক এদিক-ওদিক তাকিয়ে সুলতানা জামানকে খুঁজছেন। কোথায় তিনি?বড় পর্দায় তাঁর বিভিন্ন বয়সের ছবিগুলো ভেসে উঠছে। সাদা-কালো যুগের রঙিন এই মানুষটি আজ বয়সের ভারে ক্লান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন।হুইলচেয়ারে করে সামনের সারিতে এনে রাখা হয়েছে তাঁকে। প্রজেক্টরের মাধ্যমে সুলতানা জামানের ওপর তথ্যচিত্র দেখানো শেষ হলো। এখন কী হবে? সুলতানা জামান যে হাঁটতে পারেন না।প্রধানমন্ত্রী নিজেই মঞ্চ থেকে নিচে নেমে এলেন। শ্রদ্ধা জানালেন সুলতানা জামানকে। সিনেমার মানুষেরা প্রধানমন্ত্রীর এই উদারতা দেখে মুগ্ধ হয়ে গেলেন। সবাই তখন দাঁড়িয়ে গেছেন। শেখ হাসিনা পুরস্কার তুলে দিলেন সুলতানা জামানের হাতে। রুপালি পর্দার আরেকজন সাংসদ সারাহ্ বেগম কবরী পাশে থেকে সুলতানা জামানকে সম্মাননা নিতে সহায়তা করলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের সদস্যরা কিছুটা বিচলিত। শেখ হাসিনা আবার ফিরে গেলেন মঞ্চে।সুলতানা জামান অভিভূত। বেশি কিছু বললেন না। চোখে যেন আনন্দাশ্রু। ঠোঁট দুটো মনে হলো সামান্য কেঁপে উঠল। তারপর আর কিছুই বললেন না।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে চলচ্চিত্রশিল্পের জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন, ভালো ছবি উপহার দিলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। বক্তব্য শেষে শুরু হয় পুরস্কার প্রদানের অনুষ্ঠান। অন্য পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন সেরা ছবির জন্য পুরস্কার পান মনপুরা ছবির অঞ্জন চৌধুরী পিন্টু। দেশের বাইরে থাকায় এই পুরস্কারটি গ্রহণ করেন তাঁর প্রতিনিধি। সেরা পরিচালক ও সংলাপ রচয়িতা অহিদুজ্জামান ডায়মন্ড গঙ্গাযাত্রা, সেরা নৃত্যপরিচালক তানজীল আহমেদ আমার প্রাণের প্রিয়া, সেরা অভিনেতা যৌথভাবে চঞ্চল চৌধুরী মনপুরা, ফেরদৌস গঙ্গাযাত্রা, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা শহিদুল আলম সাচ্চু বৃত্তের বাইরে, সেরা খল-অভিনেতা মামুনুর রশীদ মনপুরা, সেরা অভিনেত্রী পপি গঙ্গাযাত্রা, পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী নিপুণ চাঁদের মতো বউ, সেরা কৌতুকাভিনেতা এ টি এম শামসুজ্জামান মন বসে না পড়ার টেবিলে, সেরা চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান বৃত্তের বাইরে, সেরা সংগীত পরিচালক আলম খান এবাদত, সেরা সুরকার ও সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ স্বামী স্ত্রীর ওয়াদা, সেরা শিশুশিল্পী সৈয়দা অহিদা সাবরিনা, বিশেষ চরিত্রে সেরা শিশুশিল্পী জারকান, সেরা চিত্রনাট্যকার গিয়াসউদ্দিন সেলিম মনপুরা, সেরা কাহিনিকার মুজতবা সউদ চাঁদের মতো বউ, সেরা সংগীতশিল্পী যৌথভাবে চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি মনপুরা, সেরা গীতিকার কবির বকুলস্বামী স্ত্রীর ওয়াদা, সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ বৃত্তের বাইরে, সেরা সম্পাদনা জুনায়েদ হালিম বৃত্তের বাইরে, সেরা শিল্পনির্দেশক কলন্তর গঙ্গাযাত্রা, সেরা রূপসজ্জাকর খলিলুর রহমান গঙ্গাযাত্রা, সেরা পোশাকসজ্জাকর দিলীপ সিং গঙ্গাযাত্রা।এবারে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের প্রতিক্রিয়া জানতে চাই। পপি বললেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়ে খুবই ভালো লাগছে। পর পর তিনবার এই পুরস্কারটি পেলাম। তাই আমি খুবই খুশি।’চঞ্চল চৌধুরী প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফলে তিনি তাঁর আবেগ ধরে রাখতে পারছিলেন না। বলেন, ‘আমি, অসম্ভব খুশি। এত ভালো লাগছে যে এখন আর কিছুই বলতে পারছি না।’ভীষণ আনন্দিত শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি বললেন, ‘দীর্ঘদিন চলচ্চিত্রে বিভিন্ন সুরকারের সুরে প্লেব্যাক করছি, কিন্তু জাতীয় পুরস্কার মেলেনি। প্রথমবারের মতো একটি ছবিতে কাজ করে দুটো পুরস্কার পেয়েছি। এটা আমার প্রত্যাশার বাইরে।’পুরস্কার প্রদান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করেন এ টি এম শামসুজ্জামান, শাকিব খান, মৌসুমী, ফেরদৌস, অপু বিশ্বাস, সারিকা, নিরব, ইমন, সায়না, কুমার বিশ্বজিৎ, মমতাজ, আঁখি আলমগীরসহ অনেকেই।সাংস্কৃতিক পর্বটি উপস্থাপনা করেন রিয়াজ ও শমী কায়সার। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।