নিরপেক্ষতার ঘাটতিতে অযোগ্যরা পুরস্কার পায়

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড সদস্যদের আরও দায়িত্বসহকারে সব তদবির, ব্যক্তি আর গোষ্ঠীস্বার্থের ওপরে উঠে বিচারকার্য সম্পন্ন করা জরুরি। নিরপেক্ষতার ঘাটতি অযোগ্য লোকের হাতে পুরস্কার তুলে দেয়। তাতে সার্বিক অনুষ্ঠানের গুরুত্বহানি হয়। কোনো শাখায় মানসম্মত প্রতিযোগী না থাকলে সেই শাখায় ওই বছর পুরস্কার না-ও দেওয়া যেতে পারে।’ আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন তৌকীর আহমেদ। ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য সেরা কাহিনিকার হিসেবে ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সেদিন আজীবন সম্মাননাসহ ২৪টি বিভাগে শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের অনুষ্ঠান নিয়ে আমন্ত্রিত অতিথিদের অনেকেই হতাশ হয়েছেন। পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের জন্য নির্ধারিত আসনের ব্যবস্থা থাকলেও তাঁদের স্ত্রী, স্বামী কিংবা পরিবারের অন্য সদস্যরা কোথায় বসবেন, এর কোনো ব্যবস্থা ছিল না। এসব সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে দেখা যায়নি স্বেচ্ছাসেবকদের। নাম প্রকাশ না করার শর্তে সেদিন অনেকেই এবারের আয়োজনকে ‘চূড়ান্ত অব্যবস্থাপনা’ বলে অভিহিত করেছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হওয়ার এক দিন পর তা নিয়ে বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদ। আজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।
তৌকীর আহমেদ লিখেছেন, ‘মনে রাখতে হবে, এই পুরস্কার চলচ্চিত্রের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। পক্ষপাতিত্ব বা তদবিরের সংস্কৃতি ত্যাগ না করলে ক্ষতি সার্বিকভাবে এ দেশের চলচ্চিত্রেরই।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্য অনেকের মতো তৌকীর আহমেদের কাছেও অনেক বেশি আবেগের। এই পুরস্কার তাঁর কাছে একটি বিশেষ সম্মাননা, বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষেত্রে এটি সর্বোচ্চ পুরস্কার। এই নির্মাতার ‘জয়যাত্রা’ ২০০৪ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে আর ‘দারুচিনি দ্বীপ’ ২০০৭ সালে সাতটি বিভাগে পুরস্কার পেয়েছিল। এবার তিনি পুরস্কৃত হয়েছেন ‘অজ্ঞাতনামা’ ছবিতে সেরা কাহিনির জন্য। তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছবিটি সেরা চলচ্চিত্র ও খল চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছে। যাঁরা তৌকীর আহমেদকে অভিনন্দন জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।
তৌকীর আহমেদ লিখেছেন, ‘চলচ্চিত্রের এই সর্বোচ্চ পুরস্কারের সেশনজট দূর করা দরকার। ২০১৬ সালের পুরস্কার ২০১৮ সালে না হয়ে ২০১৭ সালের মধ্যে হলেই ভালো হতো। তা না হলে আনন্দ যেমন ফিকে হয়, একই সঙ্গে দর্শকের কাছেও এর গুরুত্ব কমে। এ ধরনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান গুরুত্ব সহকারে সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় হওয়া উচিত। তা না হলে সৌন্দর্যের হানি ঘটে।’
রাষ্ট্রীয় এই অনুষ্ঠান নিয়ে আপনি কেন কথা বলছেন? তৌকীর বলেন, ‘কাউকে না কাউকে কথা বলতেই হবে। সেদিনের অনুষ্ঠানে কিন্তু কমবেশি সবাই আয়োজন নিয়ে কথা বলেছেন। হয়তো তাঁরা কেউই অনরেকর্ড এসব বিষয়ে কথা বলতে চাননি। কিন্তু এভাবে চলতে থাকলে তো পরবর্তী প্রজন্মের কাছে অপরাধী থেকে যাব। তাই এই ভুলগুলো ধরিয়ে দেওয়াটা দায়িত্ব মনে করেছি।’
সবশেষে তৌকীর জানান, একটি ভালো চলচ্চিত্র টিকে থাকে তার গুণে, সময়কে অতিক্রম করে। মানুষের ভালোবাসাই একটি চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার। ‘অজ্ঞাতনামা’ দর্শকের সেই পুরস্কার পেয়েছে অনেক আগে।