জাতীয় চিত্রশালায় চলছে 'লন্ডন ১৯৭১'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীতে স্থান পেয়েছে এ আলোকচিত্রটি
প্রদর্শনীতে স্থান পেয়েছে এ আলোকচিত্রটি

প্রদর্শনীটির শিরোনাম ‘লন্ডন ১৯৭১’। শিরোনামেই নির্ধারিত হয়েছে এ প্রদর্শনীর মূল দুটি বিষয় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ এবং ‘মুক্তিযুদ্ধের সময়ে লন্ডন’।

১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার পর লন্ডন হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। বিশ্ববাসীকে বাঙালিদের লড়াই-সংগ্রাম-গণহত্যা-শরণার্থী জীবনের খবর জানানোর মিশনে প্রবাসী বাঙালিরা পালন করেছেন বিশেষ ভূমিকা। লন্ডনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, তহবিল তৈরি, প্রতিবাদ, বিক্ষোভ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন—পুরো সময় নিয়েই ‘লন্ডন ১৯৭১’ শিরোনামের এই আলোকচিত্র ও ঐতিহাসিক স্মারক বস্তু প্রদর্শনীর আয়োজন।

জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে ‘লন্ডন ১৯৭১’ প্রদর্শনী দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে ‘লন্ডন ১৯৭১’ প্রদর্শনী দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

প্রদর্শনীর নিয়ে আলোচনার আগে চলুন সংশ্লিষ্ট কিন্তু ভিন্ন প্রসঙ্গে। ইতিহাসের পাতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও সামরিক ‘যুদ্ধ’ যতখানি জায়গা পেয়েছে, ততখানি জায়গা পেতে দেখা যায় না স্থানীয় বা প্রবাসী নাগরিকদের প্রতিবাদ সমাবেশ, প্রতিরোধ আয়োজনের উদ্যোগগুলো। ফলে অনেক ঘটনার খবর যখন ইতিহাসের বর্ণনায় স্থান পায় না, তখনো অনেক ইতিহাস আলগোছে বেঁচে থাকে ফটোগ্রাফের ফ্রেমে।
তেমনই একটি স্মরণীয় ঘটনা—১৯৭১ সালে যুক্তরাজ্যে বাংলাদেশের (তদানীন্তন পূর্ব পাকিস্তান) স্বাধীনতা, স্বাধিকারের পক্ষে এবং বাঙালিদের ওপর (পশ্চিম) পাকিস্তানিদের চালানো নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের মুহুর্মুহু প্রতিবাদ-বিক্ষোভের সময়টি। সে সময় যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, ওল্ডহ্যাম, ব্রিস্টলসহ প্রায় প্রতিটি শহরের বাঙালিরা পাকিস্তানের আগ্রাসনের তীব্র প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন, রাজপথ কাঁপিয়েছেন। ওই সব আন্দোলনের আলোকচিত্র ও স্মারক-বস্তুগুলো সংগৃহীত হয়েছে ব্যক্তি উদ্যোগে।
ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীটি বৃহস্পতিবার বিকেলে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল ‘লন্ডন ১৯৭১: ভিনদেশে বাঙালির গৌরবগাথা’ শীর্ষক আলোচনা। এতে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, তা থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমি জোরেশোরেই বলতে পারি যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, তা বাস্তবায়িত হচ্ছে।’ বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে এসে আমরা ইতিহাসকে নতুনভাবে জানি, যা আমাদের স্মৃতিকে প্রবলভাবে নাড়া দেয়।’

এই প্রদর্শনীর অধিকাংশ আলোকচিত্র রজার গোয়েন এবং বাংলাদেশি বংশোদ্ভূত ইনসাফ চৌধুরীর তোলা
এই প্রদর্শনীর অধিকাংশ আলোকচিত্র রজার গোয়েন এবং বাংলাদেশি বংশোদ্ভূত ইনসাফ চৌধুরীর তোলা

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশপ্রেমিক প্রবাসী বাঙালিদের জোর আন্দোলনের কারণেই ব্রিটিশ সরকার বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল।’ আরও বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব, ১৯৭১ সালে লন্ডনে স্থাপিত বাংলাদেশ কূটনৈতিক মিশনের দ্বিতীয় সচিব মহিউদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহীদ সন্তান নুজহাত চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি ‘প্রজেক্ট লন্ডন ১৯৭১-এর চেয়ারম্যান ফজলুল কবীর তুহিন বলেন, এই প্রকল্পের নানা আয়োজনের ও উদ্যোগের মধ্যে দিয়ে দেশ-বিদেশের তরুণ বাঙালি প্রজন্মকে ১৯৭১ সালে ভিনদেশে অবস্থানরত বাঙালিদের স্বাধীনতাসংগ্রামে তীব্র জেদি ভূমিকার কথামালা সম্পর্কে উৎসাহী হতে প্রেরণা জোগাবে, জানতে দেবে ভিনদেশে বাঙালির গৌরবগাথা ইতিহাস।

লন্ডন ১৯৭১: ভিনদেশে বাঙালির গৌরবগাথা’ শীর্ষক আলোচনা পর্বে অংশ নেয়া বক্তারা ছবি প্রথম আলো
লন্ডন ১৯৭১: ভিনদেশে বাঙালির গৌরবগাথা’ শীর্ষক আলোচনা পর্বে অংশ নেয়া বক্তারা ছবি প্রথম আলো

প্রদর্শনীর অধিকাংশ আলোকচিত্র রজার গোয়েন এবং বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা। তরুণ রজার গোয়েন ষাটের দশকের মাঝামাঝি বাংলাদেশে স্বেচ্ছাসেবী হয়ে এসেছিলেন, প্রচুর ঘুরেছেন সে সময়, ছবি তুলেছেন প্রচুর, জড়িয়ে পড়েছেন এ দেশের সঙ্গে মায়ার আবেগে। ১৯৭১ এ তিনি লন্ডনে ছিলেন, নিজ দায়িত্বে ধরে রেখেছেন আন্দোলনের উত্তাল দিনগুলো। বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীরও (১৯২৮-২০০২) ছবি তুলে ও সংরক্ষণ করে বাঁচিয়ে রেখেছেন অগ্নিঝরা সময়ের আবেশ।
এ ছাড়া রয়েছে বেশ কিছু সংগৃহীত ছবি। আট বছর ধরে লন্ডনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুরে ঘুরে এসব ছবি সংগ্রহ করেছেন সংবাদকর্মী উজ্জ্বল দাশ। লন্ডন থেকে প্রকাশিত বাংলা ও ইংরেজি সংবাদপত্রের মূল কপি, পোস্টার, ডাকটিকিট ও প্রচারপত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। বাঙালিদের পাশাপাশি একাত্তরে স্বাধীন বাংলাদেশের সমর্থনে বিশ্ব জনমত গঠনে ব্রিটিশ এমপি, রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মী, প্রগতিশীল শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ রেখেছেন অনন্য ভূমিকা। প্রদর্শনীতে উঠে এসেছে সেসব ভিনদেশি বন্ধুর ছবিও।

এই প্রদর্শনীর অধিকাংশ আলোকচিত্র রজার গোয়েন এবং বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা
এই প্রদর্শনীর অধিকাংশ আলোকচিত্র রজার গোয়েন এবং বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা

একাত্তরের ১২ ডিসেম্বর বাংলাদেশের সংবিধানের প্রথম লিপিকার এ কে এম আবদুর রউফের হাতে আঁকা ঐতিহাসিক পোস্টারটি স্থান পেয়েছে প্রদর্শনীতে। আছে লন্ডনের হাইড পার্ক স্পিকার্স কর্নারে মুক্তিকামী জনতার সমাবেশ। পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ৮ জানুয়ারি ১৯৭২-এর ভোরে হিথ্রো বিমানবন্দরে নামেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সন্ধ্যায় ক্লারিজ হোটেলে হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। ২১ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর থেকে তৎকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ব্রিটেনের প্রবাসী বাঙালিদের কাছে সাহায্য-সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিটির অনুকৃতি প্রদর্শনী ছিল বাড়তি সংযোজন। চিঠির শুরুতে তাজউদ্দীন আহমদ লিখেছিলেন, ‘বিলাতপ্রবাসী বাঙালি ভাইরা...।’
সামনের দিনগুলোতে সিলেট এবং পর্যায়ক্রমে যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহামে এই প্রদর্শনী আয়োজনের চেষ্টা চলছে—জানালেন প্রজেক্ট লন্ডন ১৯৭১–এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ।
জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে প্রদর্শনী কাল শনিবার পর্যন্ত চলবে। বিকেল পাঁচটায় প্রদর্শনীর সমাপনী ঘোষণা করবেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।