জাতীয় চিত্রশালায় জমে উঠেছে এশীয় চারুকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির সঙ্গে একাত্মতার চেষ্টা এক শিক্ষার্থীর
ছবির সঙ্গে একাত্মতার চেষ্টা এক শিক্ষার্থীর

লাইন ধরে গ্যালারিতে ঢুকছে নানা বয়েসি দর্শক। দল বেঁধে দেশ-বিদেশের বিচিত্র শিল্পকর্ম উপভোগ করছেন। শিল্পকর্ম দেখা, ছবি ও নতুন নতুন মাধ্যম নিয়ে আলোচনা, শিল্পকর্মের সঙ্গে ছবি তোলা—সব মিলে দারুণ জমে উঠেছে ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলমান প্রদর্শনীতে গতকাল ও আজ অনুষ্ঠিত হয় সেমিনার।
প্রথম দিন শুক্রবার সেমিনারে ‘আর্ট অ্যান্ড দ্য সিটি’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন সৈয়দ মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীসহ আরও অনেকে।
শনিবার ছিল সেমিনারের দ্বিতীয় দিন। দুই পর্বে বিভক্ত এ সেমিনারের প্রথম পর্বে শিল্পসমালোচক জিয়াউল করিমের সভাপতিত্বে আলোচনা করেন পোল্যান্ডের জাইমুন্ট রাফাল স্ট্রিরেন্ট, কাতারের রিসার্চ অ্যান্ড স্টাডিজ বিভাগের পরিচালক নাদিয়া আব্দুল রহমান আল মুদিহা ও লেবাননের শিল্পী লিনা কালা। সেমিনারের দ্বিতীয় পর্বে শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ধীরাজ চৌধুরী।
এবারের আয়োজনে প্রতিদিন বেলা ১১টায় প্রদর্শনী দেখতে আসছে ঢাকার শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। ইতিমধ্যে প্রদর্শনীর প্রতিদিনের ধারাবাহিকতায় আয়োজন দেখতে এসেছে শাইনিং স্টার কিন্ডার গার্ডেন, ম্যাগপাই ইন্টারন্যাশনাল স্কুল, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, আলী আহম্মদ স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও গভ. হাইস্কুল, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের নিয়মিত পদচারণা তো চলছেই।
প্রদর্শনীতে অংশ নিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বাংলাদেশসহ বিশ্বের ৫৪টি দেশের শিল্পীরা। গত বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবারের পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম। ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের শিল্পী কামরুজ্জামান স্বাধীন, হারুন-অর-রশীদ ও চিলির ডাগমারা উইসকিয়েল। তাঁরা প্রত্যেকেই পেয়েছেন পাঁচ লাখ টাকা। জুরিদের বিচারে ‘অনারেবল মেনশন’ অ্যাওয়ার্ড পেয়েছেন কুন্তল বাড়ৈ, রাজিব কুমার রায়, শ্যামল চন্দ্র সরকার, দিলীপ কুমার কর্মকার, জিহান করিম ও বিপাশা হায়াত। তাঁরা পেয়েছেন তিন লাখ টাকা করে।

প্রদর্শনী দেখছে নানা বয়েসি দর্শক
প্রদর্শনী দেখছে নানা বয়েসি দর্শক

এবারের প্রদর্শনীতে ৩২৯ জন দেশি-বিদেশি শিল্পীর ৪৮৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো থেকে শিল্পী, শিল্পসমালোচক, মিউজিয়াম কিউরেটরসহ মোট ১৪৬ জন বিদেশি এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।
মাসব্যাপী এ প্রদর্শনী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।