জাতীয় চিত্রশালায় ঢাকা বিভাগীয় বইমেলা
‘বই চেতনার জাগরণ ঘটায়, সমাজকে আলোকিত করে। আমরা বইকে প্রান্তিক পাঠকসহ সবার মাঝে পৌঁছে দিতে চাই। এ লক্ষ্যে বিভিন্ন বিভাগ ও জেলায় বইমেলার আয়োজন করা হচ্ছে।’
জাতীয় চিত্রশালায় গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজিত ঢাকা বিভাগীয় বইমেলার উদ্বোধনীতে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিভাগীয় বইমেলার। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় সপ্তাহব্যাপী এ বইমেলা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ৩১ মে পর্যন্ত চলবে।
মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা আখতার মীনার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আক্তারুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।
মেলায় সরকারি ও বেসরকারি ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। তবে মেলার প্রথম দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় দর্শনার্থীরাও আসেননি সেভাবে। সামনের দিনগুলোতে মেলা জমে উঠবে—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকেরা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রথমা, ইউপিএল, আগামী, অন্যপ্রকাশ, অবসর, কাকলী, অ্যার্ডন পাবলিকেশন, ঐতিহ্য, চন্দ্রাবতী একাডেমি, অনিন্দ্য প্রকাশ, তাম্রলিপি, বেঙ্গল পাবলিকেশন প্রভৃতি প্রকাশনা সংস্থা। সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট।
মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। ছুটির দিন এ সময়সীমা হবে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত।