চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদের শিল্পীদের প্রদর্শনী চলছে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। কয়েক বছর ধরেই পর্ষদের পক্ষ থেকে চট্টগ্রামের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ঢাকায় প্রদর্শনী হচ্ছে। সেই ধারাবাহিকতায় ১ মার্চ থেকে পর্ষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে শুরু হয়েছে এ প্রদর্শনী। একাডেমীর চিত্রশালায় চলমান পক্ষকালব্যাপী এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন চট্টগ্রামের ২০ জন চিত্রশিল্পী। প্রদর্শনীতে রয়েছে ৫৭টি চিত্রকর্ম। অ্যাক্রিলিক, জলরং, তেলরং ও মিশ্র মাধ্যমে আঁকা হয়েছে ছবিগুলো। প্রদর্শনীতে অংশ নেওয়া ২০ চিত্রশিল্পী হলেন মোকাররম হীরন, স্বপন আচার্য, জাকিয়া ফেরদৌস, মহিউদ্দিন আহমেদ, খুরশিদা আক্তার, তড়িৎ বড়ুয়া, আখিনুর রহমান, গোলাম সারোয়ার, কাজী বশিরুল আলম, রফিক সিদ্দিকী, মো. আবু দাউদ, বিশ্বনাথ দাশ, আনোয়ারুল হক, শেখর মণ্ডল, আবুল কাশেম ইকবাল, সুদীপ্ত মল্লিক, মুক্তারুন নাহার, শিশির মল্লিক, সুলতান পারভেজ ও রফিকুল ইসলাম। মানুষ ও প্রকৃতি, বিশেষ করে আবহমান বাংলার লোকজ উপাদান প্রাধান্য পেয়েছে শিল্পীদের সৃজনকর্মে। গতানুগতিক ধারা থেকে তাঁরা বেরিয়ে আসার চেষ্টা করছেন। সবার কাজেই লক্ষণীয় আলাদা বৈশিষ্ট্যের ছাপ। বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ ছবি এঁকেছেন তড়িৎ বড়ুয়া। মিশ্র মাধ্যমে সৃজিত এ চিত্রকর্মে শহীদ মিনার থেকে পতাকা উড়িয়ে ছুটে চলেছে এক তরুণ। মাঝে উদ্ভাসিত হয়েছে লাল-সবুজের বাংলাদেশের পতাকা। অসংখ্য রঙের বিন্যাসের কারণে এই ধারাবাহিক চিত্রকর্মটি পেয়েছে বিশিষ্টতা। এ শিল্পীর ‘তোরা সব জয়ধ্বনি কর’ শীর্ষক চিত্রকর্মে উঠে এসেছে শাহবাগ আন্দোলন। ছবির সঙ্গে বিভিন্ন পত্রিকার অংশবিশেষ জুড়ে তৈরি করা হয়েছে কোলাজ শিল্পকর্মটি। এ ছাড়া প্রদর্শনীতে মা ও শিশু, সৃষ্টির উৎস, বধূ, উত্তরাধিকার, আগ্রাসন, নষ্ট প্রতিবিম্ব, আগামীর জন্য ভালোবাসা শিরোনামের কিছু চমৎকার চিত্রকর্মেরও দেখা মিলেছে। ‘আমরা করব জয়’ শিরোনামের ছবিতে উঠে এসেছে তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ক্যানভাসের নিচের অংশে দৃশ্যমান মুক্তিযুদ্ধে আত্মবিসর্জন দেওয়া শহীদদের লাশ। পরের দৃশ্যেই এসেছে একদল তরুণ। শান্তির প্রতীক হিসেবে এক তরুণের মুষ্টিবদ্ধ হাতে উড়ছে এক খণ্ড সাদা কাপড়। তেলরং ব্যবহার করে ছবিটি এঁকেছেন মোকাররম হোসেন। একই শিল্পীর একই মাধ্যমে আঁকা আরও তিনটি ছবি ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। ‘কর্মকার’ শীর্ষক চিত্রকর্মে উদ্ভাসিত হয়েছে শ্রমজীবী মানুষের জীবন। আর ‘অপেক্ষা’ শিরোনামের ছবিটি মনে করিয়ে দেয় কৃষিনির্ভর বাংলাদেশের কথা। গ্রীষ্মের খড় তাপের চৌচির ফসলের জমি। সেই জমিতে বসে আবাদের জন্য বৃষ্টির প্রহর গুনছেন এক বৃদ্ধ কৃষক। আরেক ছবিতে উঠে এসেছে সম্প্রতি রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বেদনার্ত এক ভিক্ষুর দুঃখভারাক্রান্ত মুখ। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।স্বাধীনতার গানবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে স্বাধীনতার গানবিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। ১০ মার্চ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এই কর্মশালা। চলবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। কর্মশালায় মূল প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট সংগীত পরিচালক সুজেয় শ্যাম ও একাডেমীর প্রশিক্ষণ বিভাগের কোর্স-সমন্বয়ক শহীদুজ্জামান। তবলায় সহযোগিতা করবেন জাকির হোসেন ও আমিরুল ইসলাম। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের একাডেমীর প্রশিক্ষণ বিভাগে যোগাযোগ করতে হবে।