জাতীয় জাদুঘর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত জায়গার অভাবে সংরক্ষিত নিদর্শনের ২০ শতাংশের ১ শতাংশও প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। তাই জাদুঘর সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। জাতীয় জাদুঘরের সম্প্রসারণের জন্য নকশা প্রণয়নের কাজে হাত দেওয়া হয়েছে বলে জানালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উদ্যাপন উপলক্ষে গতকাল সকালে বাংলাদেশ জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল একটি সেমিনার। তাতে ‘মিউজিয়াম অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ’ প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সুফী মুস্তাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষক আবু সাঈদ এম আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইকম বাংলাদেশ কমিটির চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন।
যৌথভাবে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইন্টারন্যাশনাল কমিটি অব মিউজিয়াম (আইকম)। সংস্কৃতিমন্ত্রী জানান, যাঁরা সশরীরে জাদুঘরে আসতে পারছেন না তাঁদের জন্য ভার্চ্যুয়াল জাদুঘর নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে।