জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী অনুষ্ঠান
বাংলা বছর ১৪২০ বিদায় এবং নতুন বছর ১৪২১ বরণ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল রোববার সকালে জাদুঘর প্রাঙ্গণে পিঠা উৎসব ও কারুশিল্প মেলা শুরু হয়।
গতকাল পিঠা উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিজুর রহমান।
অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের সমাগমে বাংলা নববর্ষ উৎসব পরিণত হয় ধর্মনিরপেক্ষ সমাজব্যবস্থার এক মহান উৎসবে। তাই নববর্ষ উৎসব বাঙালির প্রাণের উৎসব। সিমিন হোসেন অসাম্প্রদায়িক চেতনার সহিষ্ণু বাঙালি জাতি গঠনে এ ধরনের উৎসব বেশি করে আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানমালায় আজ সোমবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে লোকসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিশিষ্ট লোকসংগীতশিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।