জাতীয় জাদুঘরে নভেরার আরেকটি ভাস্কর্য

জাতীয় জাদুঘরে এত দিন ভাস্কর নভেরা আহমেদের প্রথমদিকের ৪০টি শিল্পকর্ম সংরক্ষিত ছিল। এবার সে তালিকায় যুক্ত হলো তাঁর আরও একটি ভাস্কর্য। এর আগে নভেরা আহমেদের এই ভাস্কর্যটি ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সদর দপ্তরে।
গতকাল সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নভেরা আহমেদের এই ভাস্কর্যটি হস্তান্তর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আহমদ রফিক, চিত্রশিল্পী হাশেম খান, বিসিআইসি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের পথিকৃৎ নভেরা আহমেদের ভাস্কর্য রীতিকে ‘বিমূর্ত অভিব্যক্তিবাদ’ (অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেসনিজম) ঘরানার বলা হয়। প্রাচীন ভারতীয় শিল্পের সরলতার সঙ্গে ইউরোপীয় শিল্পকলার মসৃণতার মিশ্রণ ঘটিয়েছেন তিনি। তাঁর শিল্পকর্মে বিংশ শতাব্দীর প্রখ্যাত ব্রিটিশ ভাস্কর হেনরি ম্যুরের প্রভাব দেখা যায়।
চলতি বছরের ৬ মে ফ্রান্সের প্যারিসে নিভৃত জীবনযাপন করে আসা ভাস্কর নভেরা আহমেদ মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে গত ৭ অক্টোবর জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ তাদের সংগ্রহ থেকে নভেরা আহমেদের ৩৪টি ভাস্কর্য নিয়ে এক মাসব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করেছিল।