
লোকায়ত শিল্পকলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য জাতীয় জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ছাত্রদের পোড়ামাটির শিল্পকর্ম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগৃহীত লোকায়ত মৃৎশিল্পকর্মের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে গতকাল শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতি ছিলেন শিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। ধন্যবাদ জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার।
‘পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শনী ২০১৬’ শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত পোড়ামাটির শিল্পকর্ম থেকে নির্বাচিত ১০০টি নিদর্শন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ছাত্রছাত্রীদের তৈরি করা ৫০টি পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।