জাতীয় জাদুঘরে শাফিনাজের ‘খেয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনের শুরু থেকেই কেন জানি প্রকৃতি আমাকে ডাকে। আমার ছবির অনুপ্রেরণাই প্রকৃতি। জরাক্রান্ত আমি জেনেছি, মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে করুণ, সবচেয়ে ভয়াবহ দিক। কিন্তু জীবনের স্বাদ আমি উপভোগ করি, উপভোগ করি প্রকৃতির বর্ণিল বর্ণমালা। তাই ছবি আঁকার সময় আমার শরীরে বাসা বাঁধা দুরারোগ্য ক্যানসারের অসহ্য ব্যথাকে জয় করতে পারি আমি অতি সহজেই।’ নিজের চিত্রকর্ম সম্পর্কে বলতে গিয়ে এমন মন্তব্য করলেন শাফিনাজ বেগম। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে ক্যানসারে আক্রান্ত শিল্পী শাফিনাজ বেগমের ‘খেয়া’ শিরোনামে ছয় দিনের একক চিত্র প্রদর্শনী।পেশাদার শিল্পী না হলেও শাফিনাজ বেগম শৈশব থেকেই ছবি আঁকেন। শিক্ষকতা আর সংসারের অবসরে ছবি আঁকা, এই নিয়ে শিল্পীর দিন ভালোই কেটে যাচ্ছিল। হঠাৎ করেই কর্কট রোগ শরীরে বাসা বাঁধে। মরণব্যাধি কর্কটে আক্রান্ত হয়েও তিনি ভেঙে পড়েননি। নিমগ্ন মনে এঁকে চলেছেন মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, ব্যথা-বেদনার কথা। তাঁর অসুস্থ থাকাকালীন আঁকা ছবিগুলোই স্থান পেয়েছে ‘খেয়া’ শিরোনামের চিত্র প্রদর্শনীতে। প্রদর্শনীতে অ্যাক্রিলিক ও জলরঙে আঁকা শিল্পীর ৪২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ছবিগুলোর মধ্যে ‘জল ও জীবন’, ‘খেয়া’, ‘আদর’, ‘ফেরা’, ‘মেঘ ও মাটির রূপ,’ ‘অভিমানী হলুদের কষ্টগুলো’, ‘আপন হূদয়পুর’, ‘রাধাচূড়া’, ‘পরানের গহিন অতলে’, ‘রচি মম ফাল্গুনী,’ ‘রূপান্তর-সবুজ প্রহর’ ও ‘হলুদ প্রহর’ ইত্যাদি অন্যতম।