জাতীয় জাদুঘরে সৈয়দ হক স্মরণ

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আজ সকালে আয়োজিত হয়েছিল সাহিত্যিক সৈয়দ শামসুল হক স্মরণসভা। সভায় সৈয়দ হকের বহুমাত্রিক সাহিত্যিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভার প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী) ও কবি মাহমুদ আল জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনয়শিল্পী আফজাল হোসেন।
গত বছর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে সৈয়দ হক একটি বক্তৃতা দিয়েছিলেন। সেখানকার কিছু চুম্বক অংশ অনুষ্ঠানের শুরুতে দেখানো হয়। এরপর বিভিন্ন সময়ে সৈয়দ হকের নানা ছবি দেখানো হয়। সঙ্গে ছিল রবীন্দ্রনাথের গান—‘যখন পড়বে না মোর’।
এরপর শিল্পী লায়লা আফরোজ সৈয়দ হকের একটি কবিতা আবৃত্তি করেন। এরপর একে একে সৈয়দ হককে স্মরণ করেন অতিথিরা। কবি মাহমুদ আল জামান স্মরণ করেন সৈয়দ হকের সঙ্গে ব্যক্তিগত সান্নিধ্যের মুহূর্তগুলো। সাহিত্যে তাঁর বিশেষ অবদান, তাও তুলে ধরেন তিনি।
কবি আসাদ চৌধুরী তাঁর বক্তৃতায় বলেন, ‘জাগো বাহে, কোনঠে সবাই?’ বলে সৈয়দ হক আসলে বাঙালিকেই ডাক দেন। এই মুহূর্তে বাঙালি তার অতীত ভুলে যাচ্ছে। একটা সময় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না। মুক্তিযুদ্ধ যে পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে, তার নাম নেওয়া যেত না। সেসময় সৈয়দ হক কবিতায় প্রতিবাদ করেছেন। তাঁর ‘আমার পরিচয়’ কবিতার একটি লাইন হচ্ছে, ‘আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে’। পঁচাত্তরের ১৫ আগস্টের পরে নির্মলেন্দু গুণ ও সৈয়দ হক ছাড়া আর কোন কবি তাঁর কবিতায় ‘জয় বাংলা’ শব্দ দুটি ব্যবহার করেছেন?
কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই বলেন, ‘অধিকাংশ লেখক ব্যাকরণসম্মত লেখা লিখে সন্তুষ্ট থাকেন। কিন্তু সৈয়দ হক ব্যাকরণকে অতিক্রম করে নিজের ভাষা সৃষ্টি করেছেন।’
দর্শকসারিতে উপস্থিত ছিলেন সৈয়দ হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক ও তাঁদের সন্তান দ্বিতীয় সৈয়দ-হক।
গত ২৭ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক মৃত্যুবরণ করেন। দ্বিতীয় বলেন, ‘বাবা চলে যাওয়ার পর প্রায় ২০ দিন হয়ে গেল। এর মধ্যে অনেকগুলো স্মরণসভায় গিয়েছি। আমি তো বাবাকে বাবা হিসেবেই চিনতাম। এসব স্মরণসভায় গিয়ে নাট্যকার, কথাসাহিত্যিক, কবি, মানুষ সৈয়দ হককে চিনতে পারছি। আমার কাছে এভাবে বাবা যেন প্রতিদিন একটু একটু করে বেঁচে উঠছেন। কিন্তু রাতে যখন বাসায় ফিরি, তখন আবার সব নাই হয়ে যায়।’
অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা নাট্যকর্মীরা যেন তাঁর পরিবারের সদস্য ছিলাম। আমার মনে হয় আমি, আলী যাকের কিংবা ফেরদৌসী মজুমদারকে তিনি আমাদের মতো করে দেখতেন না। তিনি যেন একেকটা চরিত্র দেখতে পেতেন। তাঁর অনেকগুলো নাটকে আমার অভিনয়ের সুযোগ হয়েছে। রিহার্সালে নাটকের পুরো চিত্রনাট্য তিনি পড়ে শোনাতেন। তখন তিনি শুধু পাঠ করতেন না, একই সময়ে বিভিন্ন চরিত্রে ঢুকে যেতেন।’
এরপর অনুষ্ঠানের সভাপতি কবি কামাল চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, রবীন্দ্রনাথকে বলা হয় সহজাত প্রতিভাবান মানুষ। সৈয়দ হকের ক্ষেত্রেও সেটি বলা যায়।
সবশেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।