জাতীয় নাট্যশালার তিনটি হলই সাময়িক বন্ধ হচ্ছে
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার তিনটি হলই সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হল তিনটি হলো জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার। জানা গেছে, এবার রমজান মাস উপলক্ষে নাটকের দলগুলো হলের জন্য তেমন আবেদন করেনি। পাশাপাশি হলগুলোতে কিছু কারিগরি মেরামতের প্রয়োজন হয়ে পড়েছে। এসব কারণেই ২২ আগস্ট থেকে শুরু করে ঈদের ছুটি পর্যন্ত তিনটি হলই বন্ধ থাকবে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের উপপরিচালক গোলাম সারোয়ার বলেন, ‘রমজান মাস শুরু হচ্ছে। কদিন পরই ঈদের কেনাকাটার ব্যস্ততা শুরু হবে। তাই এ সময় নাটকের দর্শকসংখ্যা কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে। আর তিনটি মিলনায়তন এবং মহড়াকক্ষগুলোর টুকিটাকি অনেক কাজ জমা হয়ে আছে। এ সুযোগে কাজগুলো সেরে ফেলা হবে। এ ব্যাপারে আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছি।’বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মিলনায়তনগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তার গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এরই মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তা ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কর্মচারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ‘আমরা অনেক দিন থেকেই চাইছি হলগুলো মেরামত করা হোক। নাটক প্রদর্শনীর সময় প্রায়ই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ হয়ে যাওয়াসহ নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। শিল্পী, কলাকুশলী ও দর্শককে তখন কষ্ট সহ্য করতে হয়। দর্শকেরা বিরক্তি প্রকাশ করে। এই সুযোগে কাজগুলো সম্পন্ন হলে ঈদের পর দলগুলোর জন্য নাটক মঞ্চায়ন অনেক সহজ হবে।’তিনি আরও বলেন, এ সময় নাটক প্রদর্শনের ব্যাপারে আগ্রহী দলগুলো বেইলি রোড, গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ আরও কয়েকটি মিলনায়তনকে বেছে নিতে পারবে।