জাতীয় নাট্যশালায় একদিন
বেশ কিছুদিন আগের কথা। যদিও আগের কথা, কিন্তু বিষয়টি বারবার একই রকমভাবে ঘটে এখানে; এই জাতীয় নাট্যশালায়।নিয়মিত মঞ্চনাটকের জন্য ঢাকায় এমন স্থান আর নেই। নাটককর্মী, নাটকপ্রেমী দর্শকের এখন এক পথ হয়েছে শিল্পকলার জাতীয় নাট্যশালা। সন্ধ্যা নামলেই এ পথ মিশে যায় নাট্যশালার আঙিনায়। সন্ধ্যা ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে নাট্যশালা জেগে উঠতে শুরু করে। বিশেষ করে, নাট্যশালার মূল ফটকে এই উচ্ছলতা বেশি। নাটক শুরু বা শেষ হওয়ার পর জমজমাট হয় এ এলাকাটাই। বাদামের খুটখাট, চায়ের কাপের টুংটাং শব্দ আর ঠোঁটে গরম চায়ের সঙ্গে নাটক, থিয়েটার নিয়ে নাট্যকর্মী—দর্শকের কথার পিঠে কথার শব্দ মিলেমিশে এক হয়ে যায়। নাট্যকর্মী বা দর্শক না হয়েও পাশ দিয়ে হেঁটে চলা কোনো কোনো পথচারী কিছুক্ষণের জন্য হলেও এই মিলনমেলায় থেমে যান। নাট্যকর্মী আর দর্শকের পথের সঙ্গেই সম্প্রতি মিলিয়ে নিয়েছিলাম পথ। উদ্দেশ্য, সন্ধ্যার পর নাট্যশালা ঘুরে দেখা।তখনো দুই হলে মঞ্চের আলো জ্বলেনি। সবেমাত্র সন্ধ্যার ঘড়ি সাড়ে ছয়টার ঘরে। মূল ফটকে ঢুকতেই নাগরিক নাট্যসম্প্রদায়ের কর্মী জামানের সঙ্গে দেখা। তাঁর কাছ থেকে জানা গেল, মূল মিলনায়তনে তাঁদের দলের অপেক্ষমাণ নাটকটির প্রদর্শনী হবে। কথা না বাড়িয়ে মিলনায়তনের দিকে জামানের দে ছুট। মিলনায়তনের ডান পাশে টিকিট-ঘরে দর্শকের সারি। অল্প সময়ের মধ্যেই সারি ঘন হয়ে গেল। দর্শকেরা মিলনায়তনের দরজায় টিকিট দেখিয়ে ঢুকে নিজ নিজ আসন নিচ্ছেন।পরীক্ষণ থিয়েটার হলের নিচে টিকিট-ঘরে তেমন কোনো ভিড় নেই। টিকিট-ঘরের দায়িত্বে থাকা কয়েকজন কর্মী ততক্ষণে সবকিছু গুছিয়ে নিয়ে মিলনায়তনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সময় না বাড়িয়ে সিঁড়ি ভেঙে নাট্যশালার পঞ্চম তলার উদ্দেশে রওনা হলাম। পঞ্চম তলায় থিয়েটার আর্কাইভ, থিয়েটার ক্লাব, সেমিনার—সবই আছে। ক্লাবঘরের দিকে এগিয়ে যেতেই হোঁচট খেলাম। তালাবদ্ধ। নাট্যকর্মী মণি জানালেন, ক্লাবঘরটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। কোনো কোনো দিন সন্ধ্যার পর ঘরে আলোও জ্বলে না। নাট্যকর্মীরা চান, নাট্যশালার নিচে চায়নিজ রেস্টুরেন্টটি উঠিয়ে দিয়ে সেখানে ক্লাবটি করা হোক। নাট্যকর্মীদের আনাগোনা ওই অঞ্চলে বেশি। ফলে ওই জায়গায় ক্লাবটি হলে খুবই জমবে। নাট্যকর্মীদের দীর্ঘদিনের দাবিও এটি।আর্কাইভের সামনে দেখা মিলল আরণ্যক নাট্যদলের একঝাঁক কর্মীর সঙ্গে। দেখা গেল দলের জ্যেষ্ঠ নাট্যকর্মী মান্নান হীরা, আবদুল্লাহেল মাহমুদকে।পাশেই থিয়েটার আর্কাইভ রুম থেকে মহড়ার সংলাপ শোনা যাচ্ছিল। রুমের দরজা সামান্য খোলা। একটু এগিয়ে যাই। ফাঁক দিয়ে দেখা গেল, শিল্পকলার নাট্য ডিজাইনার জসিম উদ্দীন নিবিষ্ট মনে চেয়ারে বসে সংলাপ শুনছেন। নিচে পাঁচ-ছয়জন নাট্যকর্মী সংলাপ দিচ্ছেন। আনমনেই জসিম উদ্দীনের নজরে পড়ে যাই। তাঁর সঙ্গে অনেক দিনের চেনাজানা। চেয়ার থেকে উঠে এলেন। ফিসফিস করে কিছু কথা হলো। তিনি জানালেন, বেহুলার ভাসান নিয়ে কাজ করছেন।তিনি বলেই ফেললেন, ‘শিল্পকলা থেকে নিয়মিত নৃত্যের অনুষ্ঠান, চিত্রকলার কাজ, এমনকি প্রকাশনার কাজও হয়। কিন্তু নিয়মিত নাটক করা হয় না। আমরা শিল্পকলার নিজস্ব একটা পেশাদার দল চাই।’ কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম। ছয় ও সাততলায় নাটকের মহড়াকক্ষ। এবার ওদিকেই উদ্দেশ্য। ছয়তলার সিঁড়ির মুখে একটা মহড়াকক্ষ। ঢোলের শব্দ আর মহড়ার চিৎকার বাইরে থেকেই শোনা যাচ্ছে। দরজার দিকে এগিয়ে যাই। একজন দরজার দায়িত্বে আছেন। অনুমতি নিয়েই দরজার ফাঁক দিয়ে উঁকি দিই। দেখা মিলল শিমূল ইউসুফের, নির্দেশকের জায়গায়। বোঝা গেল ঢাকা থিয়েটারের কোনো নাটকের মহড়া হচ্ছে। আগে থেকেই জানা, ঢাকা থিয়েটার নতুন নাটক টেমপেস্ট-এর মহড়া শুরু করেছে। নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ। দরজায় দাঁড়ানো নাট্যকর্মীর কাছ থেকে নিশ্চিত হওয়া গেল, টেমপেস্ট নাটকটিরই মহড়া চলছে।ওখান থেকে বেরিয়ে আসি। সোজা সাততলায়। আরও দুটি মহড়াকক্ষ এখানে। মহড়াকক্ষের বারান্দাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আড্ডা চলছে নাট্যকর্মীদের। বারান্দার এক কোণে লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, শাহ আলম দুলাল—তিন ফেডারেশনের নেতার দেখা মিলল। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা নিয়ে ব্যস্ত তাঁরা। পা বাড়াই ওদিকে। জানা গেল, নাটকের দলগুলোর জন্য সরকারের অনুদানের এ বছরের বাজেট না আসা প্রসঙ্গে তাঁরা তিনজন আলোচনা করছিলেন। ঝুনা চৌধুরী সরকারি বাজেট নিয়ে হতাশার কথা জানালেন। তিনি বললেন, ‘গত বছর একদম শেষ সময়ে দেওয়ায় আমরা ঠিকমতো সরকারি অনুদান নিয়ে কাজ করতে পারিনি। এ বছর এখনো কোনো খবর নেই। জুন আসতে আর তিন মাস বাকি। কীভাবে কাজ করব আমরা বুঝতে পারছি না।’ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শিল্পকলায় পেশাদার নাটকের দল তৈরি না হওয়ার খবরটি মাথায় ততক্ষণও রয়ে গেছে। কথা প্রসঙ্গে বিষয়টি নিয়ে লাকীকে জিজ্ঞাসা করি। তিনি বলেন, ‘অবশ্যই শিল্পকলার আলাদা একটা পেশাদার দল থাকা উচিত। এবং বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনাও হয়েছে।’ আলাপচারিতায় অনেক সময় কেটে গেল। ওদিকে দুই মিলনায়তনের মঞ্চের আলো নিভে যেতে বসেছে। নাট্যশালার সাততলা থেকে বেরিয়ে পড়ি। মূল মিলনায়তনের পাশেই দেখা মিলল দেশ নাটকের নির্দেশক-অভিনেতা ইশরাত নিশাতের সঙ্গে। তিনি নতুন নাটকের কাজ শুরু করেছেন। নাম অরক্ষিতা। নাটকটি নিয়ে তাঁর ভাবনার কথা জানালেন। আগামী মাস তিনেকের মধ্যে নাটক মঞ্চে আনবেন। নাট্যশালার আড্ডার উত্তেজনাও কমে আসছে। নাটক, থিয়েটার নিয়ে কারও কারও গল্প শেষ হয়নি তখনো। আবার কেউ কেউ দল ভেঙে বাড়ির টানে পা বাড়াচ্ছেন। সেই পথে যাত্রী হলাম আমিও।