জাতীয় নাট্যশালায় নাচ গান আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল রবীন্দ্রপ্রয়াণ দিবসের অনুষ্ঠানের শুরুতে একটি দলীয়  পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল রবীন্দ্রপ্রয়াণ দিবসের অনুষ্ঠানের শুরুতে একটি দলীয় পরিবেশনা l ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আকতার কামাল ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক সোহরাব উদ্দিন।
আলোচনার পর ফারহানা চৌধুরীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’। ‘আমার মাথা নত করে দাও হে’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’ গানদুটি সমবেত কণ্ঠে গেয়ে শোনান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিল্পীরা। সুরের ধারার শিল্পীরা গেয়ে শোনান ‘কবে আমি বাহির হলেম’ ও ‘বিশ্বসাথে যোগে যেথায়’ গান দুটি। ‘আজি শ্রাবণ ঘন গহন মোহে’ ও ‘আমি তখন ছিলেম মগন গহন’ গেয়ে শোনান সাজেদ আকবর। নন্দিতা ইয়াসমিন শোনালেন ‘ওরে আমার হৃদয় আমার’ ও ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ফাহিম হোসেন চৌধুরী ‘কে দিল আঁধার’ ও ‘ঐ মালতী লতা দোলে’। সব শেষে ‘অনেক দিনের আমার যে গান’ ও ‘গানগুলি মোর শৈবালেরই দল’ গেয়ে শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা। আবৃত্তি করে শোনায় কল্পরেখা। এ ছাড়া সামিনা হোসেনের পরিচালনায় নৃত্যনাট্য ভানুসিংহ ঠাকুরের পদাবলী পরিবেশন করে নাচের দল ভাবনা।
শাহজাদপুর ও নওগাঁর আয়োজন: সিরাজগঞ্জ প্রতিনিধি বলেন, গতকাল শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্রনাথের কাছারিবাড়ি মিলনায়তনে কবিগুরুর ৭৫তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ হাসিবুর রহমান। শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, রবীন্দ্রগবেষক নাসিম উদ্দিন, নূরুল ইসলাম, শিক্ষক আবদুল আজিজ প্রমুখ। সব শেষে ছিল পুরস্কার বিতরণ ও রবীন্দ্রসংগীত।
নওগাঁ প্রতিনিধি জানান, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছিল আলোচনা সভা। সংগঠনের সভাপতি ডিএম বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান। আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ সরকারি কলেজের সাবেক শিক্ষক শরিফুল ইসলাম খান প্রমুখ। এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ও নাচ পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।