জাতীয় নাট্যশালায় রাজা হিমাদ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয়পুত্র রাজা হিমাদ্রী ভীষণ সংকটের মুখে পড়েছেন। প্রচণ্ড ঝড়ের আগমনী বার্তা এল তার রাজ্যে! পশ্চিমের আকাশে এমনই কালো মেঘ করেছে, যা হিমালয়ের ইতিহাসে আগে ঘটেনি। রাজ্যের সব প্রজা সন্ত্রস্ত এই অশুভ ঝড়ের আগমনে। সবাই ভিড় করেছে রাজপ্রাসাদের সামনে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ নাটক রাজা হিমাদ্রীর দৃশ্য এটি।সংলাপ গ্রুপ থিয়েটারের সহসভাপতি জসীম উদ্দিন ২০১০ সালের ১৯ এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। জসীম উদ্দিনের স্মৃতি রক্ষার্থে সংলাপ গ্রুপ থিয়েটার ‘জসীম উদ্দিন নাছির স্মৃতি পদক’ নামে এক পদক প্রদান ও দুই দিনের নাট্য আয়োজন করেছে। জাতীয় নাট্যশালায় গতকাল শুরু হয়েছে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলীকে পদক প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, ঝুনা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ আলম। অতিথিরা শুরুতে প্রয়াত নাট্যকর্মীর স্মৃতিচারণা করেন। পদক প্রদান ও স্মৃতিচারণা শেষে মঞ্চস্থ হয় গ্রিক নাট্যকার সফোক্লিসের কালজয়ী নাট্যকর্ম ইডিপাস অবলম্বনে নাট্য দল দৃষ্টিপাতের নাটক রাজা হিমাদ্রী।নাটকের একপর্যায়ে রাজা হিমাদ্রী চান, তার জন্মের নেপথ্য ইতিহাসকে অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত করতে! যত নীচ কুলেই জন্ম হোক না কেন, সে বৃত্তান্ত তিনি জানবেনই। হিমাদ্রী জানেন, তিনি হিমগিরির ঐশ্বর্যে লালিত। হিমালয়-নন্দিনী পার্বতীর সন্তান। কখনো তিনি তাকে তুলেছেন উচ্চে, কখনো নামিয়েছেন নিচে।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খন্দকার তাজমি নূর, আবদুল হালিম আজিজ, জাহাঙ্গীর কবির, মৃণ্ময় চক্রবর্তী, শ্রেয়া খন্দকার, বৈদ্যনাথ অধিকারী, রফিকুল ইসলাম, সুপ্তি হালদার প্রমুখ। আজ জাতীয় নাট্যশালায় সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চস্থ করবে বদনাম।রান্না নিয়ে কেকা ফেরদৌসির তিনটি ডিভিডির প্রকাশনাপ্রকাশিত হলো বিভিন্ন টিভি চ্যানেলের রন্ধনশিল্পবিষয়ক ‘দেশ বিদেশে রান্না’ অনুষ্ঠানের একই মোড়কে তিনটি ডিভিডি। এ অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি। কিষোয়াণ গুঁড়া মসলা নিবেদিত এই তিন ডিভিডিতে রয়েছে ৬৬টি দেশি-বিদেশি রান্নার রেসিপি। এটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।গতকাল রাজধানীর তেজগাঁর চ্যানেল আই ভবনে ডিভিডির প্রকাশনা অনুষ্ঠিত হয়। ডিভিডির মোড়ক উন্মোচন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কিষোয়াণ গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, আলী ইমাম এবং কেকা ফেরদৌসি। ১৯৯৪ সালে বিটিভি থেকে কেকা ফেরদৌসির রান্নার অনুষ্ঠানের যাত্রা শুরু। পরবর্তীকালে এটিএন বাংলায় এ ধরনের অনুষ্ঠান করেন তিনি। বর্তমানে চ্যানেল আইসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর নির্মিত রান্নাবিষয়ক অনুষ্ঠান সম্প্র্রচার হচ্ছে।১৫ মহাজনের গান নিয়ে ‘মাটির টানে’আগামী শনিবার সন্ধ্যায় গানের দল নিবেদন ‘১৫ মহাজনের’ গান নিয়ে অনুষ্ঠান ‘মাটির টানে’ নামে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে এই অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনা করছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। অনুষ্ঠানে দুদ্দু শাহ্, পাঞ্জু শাহ্, মনমোহন দত্ত, উকিল মুন্সী, জালাল, মুকুন্দ দাস, কাঙাল হরিনাথ, বিজয় সরকার, পাগলা কানাই, দুরবীণ শাহ্, শাহ্ আবদুল করিম, অখিল ঠাকুর, ভবানন্দ, অমর শীল, মমতাজ আলী খান প্রমুখের গান পরিবেশিত হবে।