
মঞ্চের একদম পেছনে বড় পর্দায় পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ের ভিডিওচিত্র। রাস্তায় রিকশা, বাসসহ নানা রকমের যানবাহন। আর সেই সঙ্গে পথচারীদের অবিরাম ছুটে চলা। পর্দার এ দৃশ্য পেছনে রেখে একদল নৃত্যশিল্পী মঞ্চের মাঝখানে ক্লাসিক সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন। পাশেই কয়েকজন তরুণ আধুনিক পোশাকে অপেক্ষায়। ক্লাসিক নৃত্য শেষ হতে না হতেই ভিন্ন ধরনের সংগীতের আবির্ভাব। বদলে গেল তাল সুর। শুরু হলো হিপহপ। প্রাচ্য ও পাশ্চাত্যের ভিন্ন স্বাদের নৃত্য-সংগীতের অপূর্ব মিশেল দেখা গেল গতকাল সোমবার, শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।
শুরুতে নৃত্যব্যক্তিত্ব লুবনা মরিয়মের শুভেচ্ছা বক্তৃতায় পাওয়া গেল হিপহপ নৃত্যের একটি সহজ ব্যাখ্যা। তাঁর ভাষায় এটি প্রতিবাদের সংগীত বা নৃত্য। অভিজাত মঞ্চে যারা নিজেদের তুলে ধরার সুযোগ পায় না, তারা একটা সময় রাস্তার কোথাও দাঁড়িয়ে নিজেদের সংগীত ও নৃত্য প্রতিভার পরিচয় তুলে ধরে। আমেরিকায় এ ধারাকে শুধু সংগীতের গণ্ডিতে আবদ্ধ না রেখে বিবেচনা করা হয় ওই ভূখণ্ডে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে।
গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আমেরিকা থেকে আসা চার শিল্পী হিপহপ পরিবেশন করে মাতিয়ে তোলেন তরুণ দর্শকদের। শিল্পীরা হলেন গ্যাব্রিয়েল ‘আশেরু’ বেন, আন্দ্রে ডিজে এ মাইনর, জসেলিন এলিস ও আমিরাহ স্যাকেট। শুরুতে গ্যাবিয়েল ‘আশেরু’ বেন হিপহপ নিয়ে নিজেদের উদ্দেশ্য জানাতে গিয়ে বলেন, হিপহপ কোনো ধর্ম, গোত্র এবং জাতীয়তার সীমায় আবদ্ধ নয়। এই সংগীত মানুষের মুক্তিতে বিশ্বাসী। হিপহপ হচ্ছে মানুষের মুক্তির উচ্ছ্বাস।’
এর আগে মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টারের পরিচালক অ্যানা ম্যাকহিল স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করতেই আমেরিকার শিল্পীরা পর্যায়ক্রমে বাংলাদেশ সফরে আসছে। তারই অংশ হিসেবে এই দলটি এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে চার সদস্যের এই দলটি ৮ নভেম্বর ঢাকা এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ‘নেক্সট লেভেল’ কর্মসূচির অংশ হিসেবে যা সাংস্কৃতিক বিনিময়, সংঘাত সমাধানসহ নানা উদ্যোগকে উৎসাহিত করতে হিপহপ শিল্পীদের বিদেশে পাঠিয়ে থাকে।
এরপর শুরু হয়ে যায় জমজমাট পরিবেশনা।