জাতীয় নাট্যশালায় 'কনডেমড সেল'-এর উদ্বোধন

ঢাকার মঞ্চে দেখা গেল আরেকটি নতুন নাটক। আজ শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো প্রাঙ্গণে মোর নাট্যদলের নতুন নাটক ‘কনডেমড সেল’ । জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এ নাটকের উদ্বোধন হয়।
নাটকটি লিখেছেন অনন্ত হিরা, নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা। ‘কনডেমড সেল’ প্রাঙ্গণে মোর নাট্যদলের দশম প্রযোজনা।
নাটক সম্পর্কে অনন্ত হিরা প্রথম আলোকে জানান, ‘কনডেমড সেল’ নাটকে ঘটনা প্রবাহ এবং সব চরিত্র কাল্পনিক। তিনি বলেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার, আল বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তুলেছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম, তারই কিছু খণ্ড চিত্র তুলে ধরা হয়েছে।’

অনন্ত হিরা আরও বলেন, ‘দর্শকের নিজের নিজের দেখা কোনো চরিত্র ঘটনা বা অভিজ্ঞতার সঙ্গে যদি এ নাটকের কোনো চরিত্রের সাদৃশ্য খুঁজে পান সে দায় দর্শকেরই। আর যে সকল দর্শক কোনো সাদৃশ্য খুঁজে পাবেন না বা সাদৃশ্য আবিষ্কার করতে ব্যর্থ হবেন তারা দায়মুক্তি নিয়েই গৃহে ফিরতে পারবেন।’
নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদসহ অনেকে।