জাতীয় নাট্যশালায় 'নকশী কাঁথার মাঠ'

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হলো বুনন থিয়েটারের প্রযোজনার নাটক ‘নকশী কাঁথার মাঠ’। আজ শুক্রবার সন্ধ্যায় এই নাটকটি মঞ্চায়ন হয়। নাট্যকবি জসীমউদ্দিন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যততত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান।
ঘাটু গানের আঙ্গিকে নির্মিত নাটকটির বিশেষ প্রদর্শনীর আয়োজনে উপস্থিত ছিলেন আফসার আহমদ, তারিক আনাম খান, ইউসুফ হাসান , সুদীপ চক্রবর্তী, মীর জাহিদ হাসান প্রমুখ।
এই প্রদর্শনীর মাধ্যমে রোটারি ক্লাব অব আগারগাঁ ঢাকা, রোটারেক্ট ক্লাব অব ঢাকা আরবানা, রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের সহযোগিতায় পতিতালয়ের ৩৭জন বঞ্চিত শিশুদের শীতবস্ত্র প্রদান করা হয়। সম্মানিত করা হয় তাদের পালক মাতা হাজেরা খাতুনকে।
নকশী কাঁথার মাঠ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে সাজু ও রূপাই নামের দুই তরুণ-তরুণীর প্রেমাখ্যানকে কেন্দ্র করে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমৃতাভ মিহির, শুভনন্দ করিম, তুষার কান্তি দে রাজন, দিদারুল দিপু, শাহ তুষার, আহমেদ বুলবুল, আবু ফাহিম, রাতমণি, ইমতিল ইমু, উচ্ছল হাসান, সুপ্রতীক দেশাল প্রমুখ।