জাতীয় নাট্যশালায় ‘বিসর্জন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের শেষ বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তন হয়ে উঠেছিল রবীন্দ্রময়। বাংলাদেশে তাঁর নাটকের চর্চা নিয়ে আলোচনা হলো। সেসব কথার রেশ কাটতে না কাটতেই মঞ্চস্থ হলো নাটক বিসর্জন। চট্টগ্রামের তির্যক নাট্যদল পরিবেশন করেছে নাটকটি।কবিগুরুর সার্ধশত জন্মবর্ষ পালন উপলক্ষে ছায়ানটের ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ শীর্ষক বছরব্যাপী কর্মসূচির ষষ্ঠ পর্যায়ে গতকাল শনিবার ছিল তৃতীয় দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন খায়রুল আনাম। ‘বাংলাদেশে রবীন্দ্রনাট্যচর্চা’ শীর্ষক আলোচনায় মূল বক্তব্য দেন সৈয়দ জামিল আহমেদ। এরপর ছিল নাটক। প্রেম ও প্রতাপের দ্বন্দ্বই ছিল নাটকটির মূল উপজীব্য। পশু বলিতে বালিকা অপর্ণার স্বভাবসুলভ কাতরতা ছুঁয়ে যায় রাজা গোবিন্দমাণিক্যের হূদয়। প্রতাপ নয়, প্রেমধর্মের বলে রাজা নিষিদ্ধ করেন পশু বলি। এতে সন্তানহীনা রানি গুণবতীর সংস্কারে লাগে আঘাত। তবে এর চেয়েও বেশি আঘাত লাগে রঘুপতির অন্ধবিশ্বাস, আধিপত্য ও আত্মমর্যাদাবোধে। তিনি শুরু করেন রাজভ্রাতা নক্ষত্ররায়কে দিয়ে রাজাকে খুন এবং বালক ধ্রুবকে বলি দেওয়ার চক্রান্ত। শেষে জয়সিংহ রঘুপতির চেতনা ফিরিয়ে আনেন। গোমতীর জলে প্রতিমা বিসর্জন দেন রঘুপতি। এভাবে অবিচলিত রাজার প্রেমধর্ম জয়ী হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুকসানা করিম, শায়লা শারমিন, রিপন বড়ুয়া, রমিজ আহমেদ, মাহাবুবুল ইসলাম, সুজিত চক্রবর্তী, অমিত চক্রবর্তী, প্রিয়ঙ্কর দেবনাথ, রোজিনা আকতার, লক্ষ্মীপদ পাল, বিভোর দাশ প্রমুখ। চলচ্চিত্র প্রদর্শনী: ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে প্রদর্শিত হয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র চারুলতা । আজ শেষ দিনে ছায়ানট সংস্কৃতি মিলনায়তনে দেখানো হবে চলচ্চিত্র তিনকন্যা এবং শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক অচলায়তন।