জাতীয় নাট্যশালায় ‘মুজিব মানে মুক্তি’
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—সেই অমর ঘোষণায় গম গম করে উঠল মঞ্চ। প্রতীকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে তর্জনী উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। নেপথ্যে তাঁর সেই অননুকরণীয় বজ্রকণ্ঠ। মঞ্চের আশপাশ যেন তখন রেসকোর্স, দর্শকেরা হারিয়ে গেছেন সেই সাতই মার্চের আবহে। গতকাল মঙ্গলবার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হওয়া নাটক মুজিব মানে মুক্তির একটি দৃশ্য এটি। শিল্পকলা একাডেমীর আয়োজনে লিয়াকত আলীর নির্দেশনায় লোক নাট্যদল এটি মঞ্চস্থ করে। নাটকের শুরুতে নেপথ্যে বাজতে থাকা একটি দেশাত্মবোধক গানের সঙ্গে মঞ্চ ঘুরে বেড়ান শিশু মুজিব। এভাবে গল্প এগিয়ে যায়। ভাষা আন্দোলন দিয়ে শুরু করে একে একে ছয় দফা, ১১ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা উপস্থাপিত হলো। তারপর মহাকাব্যিক সাতই মার্চ এবং এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা ছাড়াও মুক্তিযুদ্ধ-পরবর্তী বঙ্গবন্ধুকেও তুলে আনা হলো।এ নাটকে বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন পর্ব ও জীবনাবসান পর্যন্ত ঘটনাপ্রবাহ কালানুক্রমিকভাবে তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগীদের হিংস্রতার চিত্রও তুলে ধরা হয়েছে নাটকটিতে। এতে অভিনয় করেছেন প্রায় ৫০ জন নাট্যকর্মী। মূল চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিব চরিত্র ছাড়া কলাকুশলী সবাই কালো পোশাক পরে অভিনয় করেছেন। বাংলা একাডেমীতে একক বক্তৃতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমী গতকাল মঙ্গলবার সকালে একক বক্তৃতার আয়োজন করে। একাডেমীতে আয়োজিত এ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা দেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম।বক্তৃতায় মুস্তাফা নূরউল ইসলাম বলেন, মাঠের রাজনীতি থেকে উঠে আসা শেখ মুজিব ধাপে ধাপে কোটি মানুষের অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত হয়েছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালিকে যে রক্তাক্ত পথ পরিক্রম করতে হয়েছে, তার পুরোভাগে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির নিজস্ব সত্তা সন্ধানের পথে তিনিই প্রধান অবলম্বন। বিশ্বব্যাপী বিপ্লবী-স্বাধীনতাকামী তত্পরতার সঙ্গে বঙ্গবন্ধুর মানসচেতনার সাযুজ্য ছিল। তাঁকে হত্যা করার মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশকে আবার দক্ষিণপন্থার কানাগলিতে ধাবিত করে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন কাজী রোজী ও আসলাম সানী।সেলিম আল দীন জন্মোত্সবনাট্যাচার্য সেলিম আল দীনের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানে আগামীকাল থেকে শুরু হবে সেলিম আল দীন জন্মোত্সব। এবারের উত্সবটি সম্প্রতি প্রয়াত চলচ্চিত্র ও মিডিয়া ব্যক্তিত্ব তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির উদ্দেশে নিবেদন করা হচ্ছে। গতকাল উদ্যাপন পর্ষদ শিল্পকলা একাডেমীতে সংবাদ সম্মেলনে উত্সবের বিস্তারিত তুলে ধরে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার ‘সেলিম আল দীন জন্মোত্সব—২০১১’-এর আয়োজন করা হয়েছে। উত্সব জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে একযোগে চলবে। জন্মোত্সব উদ্যাপনে যে দলগুলো অংশ নেবে সেগুলো হচ্ছে—ঢাকা থিয়েটার, স্বপ্নদল, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও দ্যাশবাংলা থিয়েটার। সহযোগিতায় রয়েছে শিল্পকলা একাডেমী। শিল্পকলা একাডেমীর নাট্যকলা একাডেমির পরিচালক সারা আরা মাহমুদ, উত্সবের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ ও সদস্যসচিব জাহিদ রিপন এ সময় বক্তব্য দেন।উত্সবের প্রথম দিন বৃহস্পতিবার সকাল নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাট্যশালার লবিতে জন্মোত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার নিমজ্জন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্বপ্নদল ফেস্টুনে লেখা স্মৃতি এবং স্টুডিও থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুত্র নাটকের প্রদর্শনী করবে।উত্সবের দ্বিতীয় ও শেষ দিন শুক্রবার বিকাল সাড়ে তিনটায় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সেলিম আল দীন স্মারক বক্তৃতা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটারের ধাবমান, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্বপ্নদলের হরগজ ও স্টুডিও থিয়েটার হলে দ্যাশবাংলা থিয়েটারের জুলান নাটক মঞ্চায়িত হবে। ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে শামীম আজাদস্কটল্যান্ডের এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে অংশ নেবেন প্রবাসী কবি শামীম আজাদ। আগামী ২৩ ও ২৫ আগস্ট এডিনবরা হাইস্ট্রিটের উন্মুক্ত মেরকাট মঞ্চে আয়োজিত উত্সবে শামীম আজাদ গল্প, কবিতা ও কথনে উপস্থাপন করবেন বাংলাদেশ ও ইউরোপিয়ান লোককথা। সেই সঙ্গে থাকবে বিলেতে জলবাহী হয়ে আসা বাঙালিদের গল্প ও স্বরচিত দ্বিভাষিক কবিতা।