জাতীয় নাট্যশালায় ‘রক্তকরবী’
রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী বস্তুবাদী সভ্যতার বিরুদ্ধে জীবনের জয়গান। মূল চরিত্র নন্দিনী জীবনসঞ্জীবনী হয়ে যক্ষপুরীতে প্রবেশ করে। তার আগে যক্ষপুরী ছিল মৃত নগরী। লোকজন মাটি খুঁড়ে কেবল সোনার তাল খুঁজে বেড়াত। নন্দিনী আসার পর সেখানে বেজে উঠল গান। পাগল বিষু কণ্ঠে গান নিয়ে জীবনের আস্বাদে মেতে ওঠে। রাজার শৃঙ্খল গেল ছিঁড়ে। নন্দিনী প্রতীক্ষায় থাকল রঞ্জনের, যাকে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছিল বস্তুবাদী সভ্যতার প্রতীক রাজার অনুচরদের হাতে।অফিসার্স ক্লাব রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানমালার আয়োজন করে, তার আওতায় গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হয় জাতীয় নাট্যশালায়। নাগরিক নাট্য সম্প্রদায় পরিবেশিত এ নাটকের নির্দেশনা দেন আতাউর রহমান; একই সঙ্গে তিনি রাজার ভূমিকায় অভিনয়ও করেন। বিষু ও কিশোরের ভূমিকায় ছিলেন যথাক্রমে রাজীব দে ও সাদমান শাহারিয়ার।গত ৮ মে থেকে শুরু হওয়া অফিসার্স ক্লাবের এই অনুষ্ঠানমালার আওতায় শুক্রবার ২০ মে সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নৃত্য নন্দন পরিবেশন করবে রবীন্দ্রনাথের গীতিনৃত্যনাট্য চণ্ডালিকা।