
ভিন্ন তিন মঞ্চে তিনটি নাটক। আগ্রহ নিয়ে নানা বয়সী দর্শক সেখানে শামিল হয়েছেন। টিকিট কেটে লাইন ধরে মিলনায়তনে প্রবেশ করেছেন। নাটকের আগে-পরে জমে উঠেছিল আড্ডাও। হয়েছে মঞ্চনাটক নিয়ে সেমিনারও।
রাজধানীর নাট্যাঙ্গনে গত ১৮ দিন ছিল এ রকম উৎসবের মেজাজ। ঢাকাসহ সারা দেশের নির্বাচিত নাট্যদলের ৫৮টি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল শেষ হলো টানা ১৮ দিনের জাতীয় নাট্যোৎসব।

শেষ দিন গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয় তিনটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বন্দুকযুদ্ধ ও গাধার হাট নামের দুটি নাটক পরিবেশন করে নাট্যকেন্দ্র। নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় বরিশালের শব্দাবলী থিয়েটারের নাটক সাহেব চান্দের ঈদ ভোজন। বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যদল বহুবচনের নাটক দেবী।
বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতির সুযোগ দেওয়ায় ঘাপটি মেরে থাকা পরাজিত শক্তি তার হিংস্র থাবা নিয়ে বেরিয়ে আসে। সেই সময়ের এক ঈদের দিনে একজন সাধারণ মানুষ সাহেব চান্দ করে বসেন এক অন্য রকম প্রতিবাদ। তা নিয়েই নাটক সাহেব চান্দের ঈদ ভোজন। সৈয়দ শামসুল হকের গল্পে এর নাট্যরূপ দিয়েছেন দেবাশীষ ঘোষ। নির্দেশনায় ফজলুর রহমান।
অন্যদিকে মিসরের বিখ্যাত নাট্যকার আলফ্রেড ফারাগের ‘দ্য ট্র্যাপ’ অবলম্বনে বিন্যস্ত হয়েছে বন্দুকযুদ্ধ নাটকের কাহিনি। মিসরের আরেক নাট্যকার তৌফিক আল হাকিমের দ্য ডঙ্কি মার্কেট অবলম্বনে নির্মিত হয়েছে গাধারহাট নাটক। প্রযোজনা দুটি রূপান্তরের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। হুিমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বহুবচনের নাটক দেবী। মো. ইকবাল হোসেনের নাট্যরূপ থেকে নির্দেশনা দিয়েছেন আরহাম আলো।
গতকাল জাতীয় নাট্যশালায় নাটক মঞ্চায়নের আগে হয় সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং নাট্য গবেষক ও অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম। আলোচনায় অংশ নেন ঝুনা চৌধুরী ও সৈয়দ দুলাল। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। ধন্যবাদ জানান ফেডারেশনের মহাসচিব আকতারুজ্জামান।
‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ স্লোগানে যৌথভাবে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতা করে সংস্কৃতি মন্ত্রণালয়।