জাতীয় নাট্যোৎসবের আয়োজন হাতে নিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে এসেছে সময়ের নতুন নাটক ‘শেষ সংলাপ’। এরই মধ্যে নাটকটির ১১টি প্রদর্শনী হয়ে গেছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। আজ তাঁর সাক্ষাৎকার। ‘শেষ সংলাপ’ নাটকটির এরই মধ্যে অনেক প্রদর্শনী শেষ হয়েছে। দর্শকদের সাড়া কেমন?নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছে কলকাতায় গঙ্গা যমুনা নাট্যোৎসবে। এরপর বাংলাদেশে এ পর্যন্ত ১০টি প্রদর্শনী হয়েছে। নাটকটিতে এত ভালো সাড়া আমি আশাও করিনি। এর মধ্যে যতগুলো প্রদর্শনী হয়েছে, সব কটিতেই দর্শকের ভালো অংশগ্রহণ দেখা গেছে। তবে এ নাটকটি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বেশি দেখছেন। নাটকটির প্রদর্শনী থাকলেই দেখা যায়, দল বেঁধে তাঁরা নাটক দেখছেন।নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন কলকাতায় কেন?কলকাতায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন বিশেষ কোনো কারণে হয়নি। নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের আগে দুটি কারিগরি মঞ্চায়ন হয়েছে ঢাকায়। কারিগরি মঞ্চায়নের পরপরই কলকাতা থেকে গঙ্গা যমুনা নাট্যোৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ আসে। নতুন নাটক হিসেবে এ নাটকটি নিয়েই আমরা কলকাতায় যাই। সে কারণে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন ওখানেই হয়ে যায়।নাটকটিতে কলকাতার দর্শকের আগ্রহ কেমন ছিল?প্রথম প্রদর্শনীতেই নাটকটি কলকাতার দর্শক জয় করে। প্রায় ৭০ বছরের এক বৃদ্ধ নাটকটি দেখার পর আমাকে এসে বললেন, ‘আমার বয়স হয়েছে, এখন বসে বসে নাটক দেখতে পারি না। কিন্তু এ নাটকটি দেখতে এসে আর উঠতে পারলাম না। খুবই ভালো লেগেছে।’নাটকটির ওই প্রদর্শনীর পর উৎসব থেকেই এ বছর ওখানে আরও দুটি প্রদর্শনী করার আমন্ত্রণ পেয়েছি।এর আগে আপনি একাধিক পথনাটকের নির্দেশনা দিলেও এবারই প্রথম মঞ্চনাটক করলেন। নিজের অনুভূতি কেমন?কাজটি করে ভালো লাগছে এবং নাটকটিও দর্শক নিয়েছে। দলের কাজসহ ফেডারেশনের সাংগঠনিক কাজ করার কারণে মঞ্চনাটকের নির্দেশনা দেওয়ার সময় বের করতে পারিনি। অনেক দিন থেকেই একটি মঞ্চনাটক করার চিন্তা করছিলাম। বছর দুয়েক ধরে পাণ্ডুলিপি খুঁজেছি। শেষে এই পাণ্ডুলিপিটি পাওয়ার পর ভালো লেগে গেল। কাজ শুরু করলাম। নাটকটি সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী অনুবাদ করেছেন। অনেক সাহস সঞ্চয় করে আমি তাঁদের দুজনের অনুবাদ নিয়ে কাজ করেছি।সময়ের সর্বশেষ নাটক ‘সাদা ঘোড়া’। নাটকটি প্রায় আট বছর আগে মঞ্চে এসেছে। এর মধ্যে নতুন নাটক আসেনি। নতুন নাটক আনতে দেরি হওয়ার কারণ কী?সরল উত্তর, দলের কর্মীরা সময় দিতে পারেননি। চাকরি, ব্যবসা নিয়ে তাঁদের ব্যস্ততা ছিল। তবে তাঁরা দলের অন্য কাজে সময় দিয়েছিলেন। এর মধ্যে নিয়মিত প্রযোজনা সাদা ঘোড়া, ভাগের মানুষ নাটকটিতে নিয়মিত সময় দিয়েছেন। দীর্ঘদিন পর সবাই মিলে সময় বের করে কাজটি করেছি।এবারও আপনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। বর্তমান ফেডারেশনের কার্যক্রম কী?বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথভাবে একটি কর্মশালা চলছে। শিগগিরই ঢাকার বাইরে দেশব্যাপী কর্মশালার কাজ শুরু হবে। এ ছাড়া বছরের শেষের দিকে আমরা একটি জাতীয় নাট্যোৎসবের আয়োজন হাতে নিয়েছি।