জাতীয় নৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘পঞ্চম জাতীয় নৃত্য উৎসব’। আন্তর্জাতিক নৃত্য দিবস সামনে রেখে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার চার দশক উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসবে নৃত্যগুরু গোলাম মোস্তফা খান ও নৃত্যশিল্পী রওশন আরা বেগমকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া তপন দাশ গুপ্তকে ‘জি এ মান্নান সম্মাননা পদক’, সালেহা চৌধুরীকে ‘বুলবুল চৌধুরী সম্মাননা পদক’ ও কমল কান্তি পালকে ‘গওহর জামিল সম্মাননা পদক’ দেওয়া হবে। একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় ২৯ এপ্রিল পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবের অংশ হিসেবে নৃত্যমেলা ও নৃত্যানুষ্ঠান হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দীপা খন্দকার। সংগঠনের সভাপতি লায়লা হাসানের সভাপতিত্বে সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক মুনমুন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজু আহমেদ প্রমুখ।