জাতীয় পথনাট্য উৎসব শুরু
গতকাল বিকেলের কথা। তখনো রোদের উপস্থিতি শহীদ মিনারের বেদিতে। মাইকে নানা ধরনের দেশাত্মবোধক গান বাজছে। গানের সুরে সুরে লোক জমতে শুরু করেছে। একসময় সূর্যও ডুবে গেল। হঠাৎ তুমুল করতালিতে সকচিত হলো পুরো এলাকা। বেদিতে শুরু হলো পথনাট্য উৎসব।কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গতকাল মঙ্গলবার এভাবেই শুরু জাতীয় পথনাট্য উৎসবের। সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।‘বিজয়ের পতাকা নিয়ে দৃপ্ত পায়ে চলবে স্বদেশ প্রগতির পথে’ স্লোগানে গতকাল এই উৎসবের উদ্বোধন করা হয়। নাট্য আন্দোলনের মাধ্যমে সব শ্রেণীর মানুষের কাছে মুক্তিযুদ্ধ ও একুশের চেতনা ছড়িয়ে দিতেই এ আয়োজন। উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, আয়োজক সংগঠনের চেয়ারম্যান লিয়াকত আলী, ম হামিদ, হাসান আরিফ প্রমুখ।গতকাল উৎসবের উদ্বোধনী দিনে সুবচন নাট্য সংসদের নাটক দ্য ম্যাড, সংশপ্তক নাট্যদলের ফলাফল নিম্নচাপ ও নাট্যধারার সি বুড়ি নাইড়া মঞ্চস্থ হয়। উৎসবে প্রতিদিন পাঁচটি করে পথনাটক দেখানো হবে। উৎসবে ঢাকার পাঁচটি দল ও অন্য জেলার ১০টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেল চারটা থেকে নাটক শুরু হওয়ার কথা রয়েছে। আজ বুধবার নগরী নাট্যগোষ্ঠী প্রার্থী যাচাই, গণনাট্য পরিষদের খবিশ, থিয়েটার সার্কেলের শিক্ষায় স্যার সৈয়দ আহম্মদ, নাট্যযোদ্ধার ফিলিমী কারবার, শব্দ নাট্যচর্চার ট্রাংক রহস্য ও বৈশাখী নাট্যগোষ্ঠীর যাদু নাটকগুলো পরিবেশিত হবে।প্রসঙ্গত, ১৯৮৫ সাল থেকে প্রতিবছরের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হচ্ছে জাতীয় পথনাট্য উৎসব।