জাতীয় পথনাট্যোৎসবে মুক্তিযুদ্ধের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারের পাদদেশে তখন হাজার খানেক দর্শক। সবাই চুপচাপ। ওদিকে ফরিদপুরের নগরকান্দার একটা গ্রামে রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তান বাহিনীর আক্রমণ। কিন্তু দেশের প্রতি, মানুষের প্রতি, ওই গ্রামের প্রতি ভালোবাসার মন্ত্রে একদল দামাল মুক্তিযোদ্ধার প্রতিরোধ হার মানায় রাজাকার দোসরদের। জেগে ওঠে পুরো শহীদ মিনার। চিৎকার করে করে দর্শকেরা বলতে থাকেন, ‘রাজাকার আলবদর নিপাক যাক, নিপাত যাক, যুদ্ধাপরাধীদের বিচার চাই বিচার চাই!’ অনেকক্ষণ ধরেই এমন উত্তেজনা দর্শকের মধ্যে বিরাজ করল। ওপরের এমন একটা গল্প নিয়ে ফরিদপুর থেকে নাটকটি শহীদ মিনারে এসেছে। ফরিদপুরের নগরকান্দার একটা গ্রামের এমন এক সত্য ঘটনা নিয়েই নাটকটি।‘পথনাটকের মত্ত স্রোতে, ভেসে যাক যুদ্ধাপরাধী মৌলবাদ’ আহ্বান নিয়ে শহীদ মিনারে শুরু হওয়া সাত দিনের জাতীয় পথনাট্যোৎসবে প্রায় প্রতিদিনের চিত্র এমনই ছিল।উৎসবের তৃতীয় দিন। সন্ধ্যার পর শহীদ মিনারে বাবার হাত ধরে এসেছে ফাহিম। বয়স আনুমানিক ১০ বছর। নাটকের প্রতি খেয়ালটা যেন বড়দেরও হার মানায়। বাবাও চুপচাপ নাটক উপভোগ করছেন। পাশে গিয়ে ফাহিমকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, ‘কেমন লাগছে নাটক?’ ফাহিমের চোখ তখনো শহীদ মিনারের পাদদেশে। আমার দিকে না তাকিয়েই উত্তর করল, ‘ভালো লাগছে।’ ‘কেমন ভালো?’ ‘খুব ভালো।’ ‘তুমি বড় হয়ে নাটক করবা?’ ‘না, আমি তো পারব না। অনেক কষ্ট হবে। তবে বাবা বললে বড় হয়ে নাটক করব।’ মঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটারের একটি ননফিকশন নাটকের মঞ্চায়ন চলছে। দেশের মুক্তিযুদ্ধ, বর্তমান সময়ে সরকারি অফিসের কর্মকর্তাদের অবস্থা, ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বাংলা সিনেমার অবস্থা থেকে শুরু করে প্রতিটি স্তরের অসংগতিগুলো একের পর এক ব্যঙ্গ আকারে উঠে আসছে। টানা মঞ্চায়নের প্রতিটি দৃশ্যেই যেন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠছে। নাটকটির নির্দেশক মাহফুজুল আনাম মাসুম। নাটকটি শেষ হলে কথা হয় তাঁর সঙ্গে। ‘এই নাটকটির মঞ্চায়ন ৫০ পার হয়েছে। এটি এমন একটি নাটক, বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোনো অসংগতি নাটকের পাণ্ডুলিপিতে অংশ করে নিয়ে মঞ্চায়ন করা যাবে। বলা যায়, নাটকটি সব সময়ই আধুনিক।’ বলছিলেন মাসুম।সপ্তাহব্যাপী এই উৎসবে ঢাকাসহ সারা দেশ থেকে ৪৭টি নাটকের দল অংশ নেওয়ার কথা থাকলেও দুটি দল অংশ নিতে পারেনি। উৎসবে সবচেয়ে বেশি অংশ নেয় ঢাকার দল। এ ছাড়া ফরিদপুর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, মহেশপুর, নারায়ণগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের নাটকের দল অংশ নেয়।উৎসব কমিটির সদস্যসচিব চন্দন রেজা বলেন, এবারের উৎসবে নতুন নাটক খুব কম এসেছে। আগের বছরের নাটকই বেশি। তবে নতুন নাটক মঞ্চে না এলেও নাট্যচর্চাটা আগের চেয়ে বেড়েছে।’ তিনি আরও বললেন, এবারের উৎসবে দর্শকের অংশগ্রহণ অনেকখানি বেশি।’১ ফেব্রুয়ারি শহীদ মিনারের পাদদেশে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আলোচক ছিলেন গোলাম কুদ্দুস, হাসান আরিফ ও আহকাম উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আকতারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব চন্দন রেজা এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।