জাতীয় প্রেসক্লাবে আজ থেকে বইমেলা
জাতীয় প্রেসক্লাবের হীরকজয়ন্তী উপলক্ষে আজ ক্লাব প্রাঙ্গণে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বইমেলা। বিকেল পাঁচটায় মেলার উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করবেন ক্লাবের সদস্য কবিরা। মেলায় সহায়তা দিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। মেলা উৎসর্গ করা হয়েছে বরেণ্য সাংবাদিক ফয়েজ আহ্মদের স্মৃতির উদ্দেশে। সদ্যপ্রয়াত প্রবীণ সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য এবিএম মূসার স্মরণে বইমেলা চত্বরে স্থাপন করা হবে ‘এবিএম মূসা স্মৃতি মঞ্চ’।
গতকাল বইমেলা উপলক্ষে ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। সপ্তাহব্যাপী এই মেলার ৪০টি স্টলে শতকরা ২৫ ভাগ কমিশনে বই বিক্রি হবে বলেও জানান বক্তারা। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। শেষ হবে ১৯ এপ্রিল।