জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন উদ্বোধন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মশক্তিতে বলীয়ান হয়ে সব প্রতিকূলতা প্রতিরোধের প্রত্যয়ে শুরু হতে যাচ্ছে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৬তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার পুরস্কার, গুণীজন সম্মাননা, রবিরশ্মি, আবৃত্তি, নাচ ও গান ছাড়াও সারা দেশ থেকে রাজধানীর এ সম্মেলনে হাজির হবেন সংগঠনটির হাজারখানেক সদস্য।
কাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী। রোববার বিকেলে সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অধিবেশনের দ্বিতীয় দিন বিকেলে সেমিনারে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ বিষয়ে প্রবন্ধ পড়বেন ভূঁইয়া ইকবাল। সংগঠনের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে আলোচনা করবেন সারোয়ার আলী এবং মফিদুল হক। এ বছর গুণীজন সম্মাননা ও রবীন্দ্রপদক দেওয়া হবে তবলাশিল্পী মদন গোপাল দাস এবং পটশিল্পী শম্ভু আচার্যকে।
প্রাক-সম্মেলনে আজ সকাল থেকে থাকবে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার বাছাই। এবারের সম্মেলনে সারা দেশের ৫২টি শাখা থেকে বাছাই করা প্রায় ১৮০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবেন। সর্বোচ্চ মানপ্রাপ্তরা গাইবেন মূল অনুষ্ঠানে। এ ছাড়া সম্মেলনের তিন সন্ধ্যায় সম্মেলক গান পরিবেশন করবেন সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুরের শিল্পীরা। গতকাল বুধবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
আ ব ম নুরুল আনোয়ারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মইনুদ্দিন নাজির, বুলবুল ইসলাম, মিতা হক, কোষাধ্যক্ষ লিলি ইসলাম।