সারা দিন ইলশেগুঁড়ি বৃষ্টি। সপ্তাহের শেষ কর্মদিবসের ব্যস্ততা। বিকেলে তীব্র যানজট ছিল রাজপথে। কিন্তু এর কোনো কিছুই বাধা হতে পারেনি রবীন্দ্রানুরাগীদের আয়োজনে। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ছয়টায় ‘সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে’ সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন এবং দ্বাত্রিংশতম বার্ষিক অধিবেশন। আয়োজক জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।সংগঠনের শুরুটা হয়েছিল অন্য নাম নিয়ে। ১৯৮০ থেকে ১৯৮২ সাল ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’, ৮২ সালের সম্মেলনকালে ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’-এর যাত্রা শুরু। দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্য নিয়ে রবীন্দ্রনাথের নাম যুক্ত করে সংগঠনের নাম করা হলো ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’। পরে ’৮৪ সাল থেকে এক বছর ঢাকায়, পরের বছর বাইরের কোনো শাখায় সম্মেলন করা হয়।সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালীর প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষক নির্মল দাশগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লু্লর রহমান সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। শুরুতে সমবেতভাবে ‘আগুনের পরশমণি’ গানটির সঙ্গে প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন সন্জীদা খাতুন ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা দেশ থেকে আসা শিল্পীরা রবীন্দ্রনাথের গান ও কবিতা পরিবেশন করেন। ছিল দলীয় নৃত্য।এবারের ৮১টি শাখার মধ্যে ৬১ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বাছাই প্রতিযোগিতায় ৬১টি শাখা থেকে প্রায় ৩৩৭ জন প্রতিযোগীর পাশাপাশি ৮১ শাখা থেকে ৪০০ প্রতিনিধি ও পর্যবেক্ষক এবং ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চল মিলিয়ে আরও ৩০০ শিল্পী সম্মেলনে অংশগ্রহণ করবেন।আগামীকাল শনিবার বিকেলে সমাপনী অধিবেশন, রবীন্দ্র পদক ঘোষণা ও গুণী সম্মাননার আয়োজন থাকবে।তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মারক বক্তৃতাতারেক মাসুদ ও মিশুক মুনীর। ব্যক্তিজীবনে তাঁরা ছিলেন সদা হাসিখুশি, সদালাপি ও সৃজনশীল। এর প্রতিফলন তাঁদের কর্মজীবনেও পাওয়া যায়। তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এমসিজে ফিল্ম ক্লাব আয়োজিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশুক মুনীর ও তারেক মাসুদের ব্যক্তি ও কর্মজীবন নিয়ে প্রবন্ধ পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দুজন শিক্ষার্থী। ‘মিশুক মুনীর: দৃশ্যের কারিগর’ শীর্ষক প্রবন্ধে সারা মনামী বলেন, ‘চলচ্চিত্রে মিশুক মুনীর যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা উপলব্ধি করা যায় তাঁর ক্যামেরা সঞ্চালনের দক্ষতা দিয়ে। ঘটনা ও চরিত্রের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রঙের ব্যবহার করেছেন তিনি। তাঁর সব কাজের মধ্যে দৈনন্দিন জীবনের আলো দেখা যায়।’প্রণব ভৌমিক লিখেছেন ‘তারেক মাসুদের চলচ্চিত্রে জাতীয় আত্মপরিচয়ের খোঁজ’ শীর্ষক প্রবন্ধ। এখানে তারেক মাসুদের সৃষ্টি থেকে মাটির ময়না, নরসুন্দর, মুক্তির কথা সিনেমায় জীবন চেতনার বিশ্লেষণ করা হয়েছে।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘নতুন প্রজন্মের যেসব প্রতিবেদক, সংবাদ উপস্থাপক ও সংবাদ প্রযোজক বাংলাদেশের এ জায়গাটিতে তাঁদের প্রভাব বজায় রাখছেন, তাঁদের অনুপ্রাণিত করেছিলেন মিশুক মুনীর।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, প্রথম আলোর বার্তা পরামর্শক কুর্রাতুল-আইন-তাহিমনা ও চলচ্চিত্র গবেষক জাকির হোসেন।