জাতীয় সাঁতার কমপ্লেক্সে জলতরঙ্গে তাসের দেশ
নিস্তরঙ্গ তাস-সাম্রাজ্যে পথ হারিয়ে চলে এলেন দুই যুবক। যন্ত্রের মতো বিন্যস্ত সমাজে দিলেন দোলা। কাঁপন লাগল তাসের দেশে। ভেঙে যেতে থাকল সব নিয়ম। রাজা-প্রজা সবাই মিলে এক সময় গেয়ে উঠলেন বাঁধ ভাঙার গান। গতকাল শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নাটকের এই ঘটনাচক্র নৃত্যের তালে তালে গেয়ে শোনালেন কলকাতার ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটির সদস্যরা। বাংলাদেশে প্রথমবারের মতো ওয়াটার ব্যালে ফর্মে রাজধানীর মিরপুরের জাতীয় সাঁতার কমপ্লেক্সে নাটকটি পরিবেশন করেন তাঁরা।নৃত্যনাট্যটির পাত্র-পাত্রীরা পানির মধ্যে শারীরিক কসরতের মাধ্যমে ফুটিয়ে তোলেন ঘটনাপ্রবাহ। জলের তরঙ্গের সঙ্গে নৃত্যের তাল যুক্ত হয়ে ঘটনার পর ঘটনার চিত্রায়ণ দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। মুহুর্মুহু করতালিতে জানান অভিনন্দন। এর আগে গত শুক্রবার এই নাটকের প্রথম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারার্স ফোরামের সাধারণ সম্পাদক লে. জেনারেল (অব.) হারুন-অর-রশীদ, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। নাটকটির নির্দেশক অরিজিৎ গুহ জানান, ১৯২২ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি পানিতে পড়া মানুষকে উদ্ধারের জন্য স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়ে ওঠে। পানিতে ডুবে যাতে মানুষের মৃত্যু না হয়, সেই ভাবনা থেকে সৃষ্ট এই দলে পানিতে নাটকের মঞ্চায়নের পরিকল্পনা নেয়।