আগামীকাল ১০ জুন মুক্তি পাচ্ছে থ্রিলার ছবি নাউ ইউ সি মি টু। এটি ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবির নাউ ইউ সি মি সিক্যুয়াল

ফিরে এসেছেন ‘চার অশ্বারোহী’। সামনে তাঁদের আরেকটি দুঃসাহসিক অভিযান। তাই দিয়ে তাক লাগাবেন। মঞ্চ প্রদর্শনীর জাদুকরি নৈপুণ্য আবারও বিশ্ব মাতাবে। এফবিআইয়ের বাঘা বাঘা গোয়েন্দাদের চোখে ধুলা দিয়ে ও রবিন হুড স্টাইলে ‘শৈল্পিক ডাকাতি’র কয়েকটি অভিযান চালিয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল বাজিকরের দলটি। এভাবে জনগণের হৃদয় জিতে নেওয়ার এক বছর পর তারা আবার এসেছে। এবার প্রযুক্তি-বাণিজ্য জগতের এক প্রতাপশালী ব্যক্তির অনৈতিক কাজকর্মের গুমোর ফাঁস করবে তারা। ওয়াল্টার ম্যাব্রি নামের এই বিস্ময়কর প্রতিভাধর প্রযুক্তিবিদ হুমকি দিয়েছেন, ‘চার অশ্বারোহী’র সবচেয়ে দুর্ধর্ষ ও অভাবনীয় অভিযানটি রুখবেন। কিন্তু এ লড়াইয়ে আইজেনবার্গ বাহিনীর আশা, আরেকটি অভূতপূর্ব প্রয়াসের মাধ্যমে গোটা নেটওয়ার্ক থেকে নিজেদের নাম মুছে প্রকাশ করবেন অপরাধের মূল হোতার নাম।
কথা হচ্ছে নাউ ইউ সি মি টু ছায়াছবি নিয়ে। এ কাহিনির আকর্ষণ শুধু ছবিটি দেখার মাধ্যমেই অনুভব করা সম্ভব, বিবরণ পড়ে নয়। জন চু-এর পরিচালনায় আগামীকাল শুক্রবার ১০ জুন মুক্তি পাচ্ছে এই মোহনীয় থ্রিলার চলচ্চিত্র। এটি ২০১৩ সালের নাউ ইউ সি মি ছবির পরবর্তী পর্ব বা সিক্যুয়াল। সমালোচকেরা বলছেন, রোমাঞ্চ আর শ্বাসরুদ্ধকর উপাদানে ভরপুর এবারের ছবিটি আগের পর্বকে বহুগুণে ছাপিয়ে যাবে। ‘অশ্বারোহী’ দলটির সদস্যদের ভূমিকায় অভিনয় করেছেন জেস আইজেনবার্গ, উডি হ্যারেলসন, ডেভ ফ্রাঙ্কো ও লিজি ক্যাপলান। তাঁদের প্রতিপক্ষ সেই প্রযুক্তিবিদের চরিত্রে ড্যানিয়েল র্যাডক্লিফ। আরও আছেন মার্ক রুফালো, সানা ল্যাথান ও মরগ্যান ফ্রিম্যান।
ছবির আগের পর্বটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছিল। ক্যামেরার বিক্ষেপ বা অবিরত বিচরণ, কাহিনির ধাঁধা আর চরিত্রগুলোর অসাধারণ অভিনয় দর্শকদের মন জিতে নেয়। তাই এর নির্মাতা প্রতিষ্ঠান আবারও মুনাফার আশায় সিক্যুয়াল বানানো থেকে বিরত থাকতে পারেনি। তবে নতুন পর্বটি নির্মাণের প্রয়োজন আদৌ ছিল কি না, তা নিয়েও সমালোচকেরা প্রশ্ন তুলেছেন। তাঁদের শঙ্কা, প্রথম ছবিটিকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টায় আগের কাহিনির প্রেক্ষাপট ঘুরেফিরে আসবে। এতে ছবির গতি থমকে যেতে পারে। সব মিলিয়ে নাউ ইউ সি মি টু ছবিতে তাড়াহুড়ো ও স্থূলতার ছাপ স্পষ্ট। সর্বগ্রাসী ব্যবস্থার বিরুদ্ধে ব্যক্তিমানুষের লড়াইয়ের চিত্র তুলে ধরার প্রয়াস বলে এ ছবির যে গুণগান চলছে, সেটাও আসলে বিভ্রম ছাড়া আর কিছু নয়।
সেই শঙ্কাকে অমূলক প্রমাণ করে নতুন ছবিটি বক্স অফিস জয় করতে পারে কি না, তা-ই এখন দেখার বিষয়। তবে সে জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আশিস আচার্য
মুভি ইনসাইডার ও সিডনি মর্নিং হেরাল্ড অবলম্বনে